ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিবেদন প্রকাশ
দুর্নীতি রোধ ও সুশাসনে অগ্রগতি ব্যর্থতার পাল্লাও ভারী হচ্ছে
দুর্নীতির ওপর নজরদারি সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মনে করে, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে দেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে ব্যর্থতার পাল্লাও ভারী হচ্ছে। এতে সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশ করা এক প্রতিবেদনে টিআইবি এ কথা বলেছে। ‘সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে নির্বাচনী প্রতিশ্রুতি: অগ্রগতি পর্যবেক্ষণ’ শীর্ষক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে দেশের অবকাঠামো, বিশেষ করে সড়ক যোগাযোগ খাতে চরম অব্যবস্থাপনা, অদক্ষতা, দুর্নীতি ও জবাবদিহির অনুপস্থিতির কারণে সৃষ্ট বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করা হয়। প্রশিক্ষণ ছাড়াই অদক্ষ ও অপ্রাপ্তবয়স্কদের রাজনৈতিক বিবেচনায় ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি কর্তৃক ‘রাজনৈতিক বিবেচনায়’ ক্ষমার ঘটনায় আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রগতি ব্যাহত হয়েছে। হত্যাকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার ও সরকার-সমর্থক ছাত্রসংগঠনের সদস্যদের অপরাধ প্রতিরোধে পুলিশি ব্যর্থতা সরকারের অর্জনকে ম্লান করছে বলে টিআইবি মনে করে।রাজনৈতিক বিবেচনায় দুর্নীতির মামলা খারিজ এবং কালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখা দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, উপজেলা ও ইউনিয়ন পরিষদে সাংসদ ও সরকারি কর্মকর্তাদের প্রভাব এবং ক্ষমতা বৃদ্ধি স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার নির্বাচনী প্রতিশ্রুতির পরিপন্থী।নির্বাচনী অঙ্গীকারের পর্যালোচনা: সরকারি দল ও প্রধান বিরোধী দলের নির্বাচনী অঙ্গীকারের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার ভিত্তিতে তৈরি করা হয় প্রতিবেদনটি। এতে অঙ্গীকারের ১২টি খাত চিহ্নিত করে এসব খাতে সরকার ও প্রধান বিরোধী দলের নেওয়া পদক্ষেপের তথ্য প্রকাশ করা হয়। পাশাপাশি বেশ কিছু সুপারিশও করা হয়। চিহ্নিত খাতগুলো হলো: দুর্নীতি প্রতিরোধ, কার্যকর সংসদ প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা, তথ্যের অধিকার প্রতিষ্ঠা, প্রশাসনের সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাধীনতা ও শক্তিশালীকরণ, শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, নির্বাচন কমিশন সংস্কার, মানবাধিকার নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন এবং এনজিও খাতে সুশাসন প্রতিষ্ঠা।উল্লেখযোগ্য সুপারিশগুলো: দুদকের আইন সংশোধন করে একে আরও কার্যকর ও স্বাধীন করা, সরকারি ও বিরোধী দল উভয়কে সংসদ কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, সাংসদ ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক তথ্য প্রতিবছর নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ করা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ন্যায়পাল নিয়োগ, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া, স্থানীয় সরকারে সাংসদ ও সরকারি কর্মকর্তাদের প্রাধান্য হ্রাস, মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পরিপন্থী পদক্ষেপ পরিহার, এনজিও খাতকে সহায়ক শক্তি বিবেচনা করে এই খাতের স্বকীয়তা ও সাফল্যের ধারা অব্যাহত রাখার অনুকূল পরিবেশ সৃষ্টি করা ইত্যাদি।২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের জুলাই মাস পর্যন্ত পর্যবেক্ষণ অনুযায়ী টিআইবি এ প্রতিবেদন তৈরি করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। সংগঠনের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। গবেষণাপত্র উপস্থাপন করেন শাহাজাদা আকরাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কোনো কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ব্যর্থতার ভারে অগ্রগতির গুরুত্ব ক্রমাগতই ম্লান হচ্ছে।’প্রতিবেদনে আরও বলা হয়, বিচারকের নিয়োগ, বদলি, পদোন্নতিতে আইন মন্ত্রণালয়সহ রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয় এবং কারা হেফাজতে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৬০০ জনের বেশি মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘন রোধে সরকারের নিষ্ক্রিয়তা দায়ী ছিল। কোনো কোনো ক্ষেত্রে সরকারের নেতিবাচক ভূমিকা ছিল।এ ছাড়া তথ্য প্রকাশে নির্বাহী বিভাগ ও জনপ্রতিনিধিদের অনীহা, নিয়োগ, পদোন্নতি ও বদলিতে দলীয়করণের প্রভাব, উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তাকে ওএসডি করে রাখা, চুক্তিভিত্তিক নিয়োগে টিআইবি উদ্বেগ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, তথ্য অধিকার প্রতিষ্ঠা, নির্বাচন-প্রক্রিয়ার সংস্কার, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে সরকারের পদক্ষেপ ইতিবাচক হলেও দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা, সংসদকে কার্যকর করা, আদিবাসীদের অধিকার রক্ষা, পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ বেশ কিছু ক্ষেত্রে সরকারের পদক্ষেপ ইতিবাচক ছিল না।চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিবর্তে ক্ষমতা যদি কেন্দ্রীভূত হয়ে পড়ে, তবে তা সুশাসনের জন্য বিপজ্জনক বলতে হবে। দুর্নীতি করার পরও কোনো জবাবদিহি না করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রধান বিরোধী দলের ভূমিকা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, প্রথম দুই বছরে বিএনপি প্রায় ৭৪ শতাংশ কার্যদিবসে সংসদ বর্জন করে। এটি জনগণের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতির খেলাপ।