দুর্নীতি রোধে বাধা নির্বাচন-প্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান মনে করেন, দেশের নির্বাচন-প্রক্রিয়াই দুর্নীতি দমনের সবচেয়ে বড় বাধা। নির্বাচন করতে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়। টাকা ছাড়া নির্বাচনে জয়লাভ প্রায় অসম্ভব। দুর্নীতি অথবা ব্যবসায়ীদের সঙ্গে আঁতাতের মাধ্যমে এ টাকা সংগ্রহ করেন রাজনীতিবিদেরা। আর এভাবেই রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যে মুনাফা ভাগাভাগির যোগসাজশ তৈরি হয়। সামরিক সরকারের আমলে এ যোগসাজশ মহীরুহ হয়ে উঠেছে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী বলেছেন, দেশের শেয়ারবাজারে এখন যা ঘটছে তা আর্থিক অপরাধের পর্যায়েই পড়ে। কয়েকজন মিলে সংঘবদ্ধ হয়ে শেয়ারের দাম বাড়িয়ে দিচ্ছে। ১০০ টাকার একটি শেয়ার ৩০০-৪০০ টাকা দাম হতে পারে, অথচ তা তিন-চার হাজার টাকা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। কারা এর সঙ্গে যুক্ত, নিয়ন্ত্রক সংস্থা এসইসি তা ভালো করেই জানে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ‘সমাজব্যবস্থা কোনো দুর্নীতিবাজকে প্রত্যাখ্যান করে না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমি যাঁর কাছ থেকে ১০-১২ কোটি টাকা কর আদায় করেছিলাম, তিনিই আবার সংসদে গিয়ে বড় বড় কথা বলছেন।’ জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার ‘দেশের অর্থনীতিতে আর্থিক অপরাধের প্রভাব’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলা হয়। অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টারস ফোরাম (ইআরএফ) এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ইআরএফের সাধারণ সম্পাদক আবু কাওসার সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন।প্রধান অতিথির বক্তব্যে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সাবেক এক মন্ত্রীর সঙ্গে আলাপের প্রসঙ্গ তুলে বলেন, ‘একটি নির্বাচনে জয়ের জন্য তাঁকে ৭৫ লাখ টাকা খরচ করতে হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন, নির্বাচনের বিভিন্ন ধরনের ব্যয় মেটাতে কোনো না কোনোভাবে এ টাকা সংগ্রহ করতে হয়।’গোলাম রহমানের মতে, কেবল দুদক কার্যকর থাকলেই দুর্নীতি দমন হবে না, এর জন্য চাই কার্যকর আইন ও শক্তিশালী বিচারব্যবস্থা। তিনি বলেন, ‘আমাদের বিচারকদের সততা যেকোনো পেশার তুলনায় উচ্চ বলেই আমার মনে হয়। কিন্তু বিচারের প্রক্রিয়ার কাছে তাঁরাও অসহায়।’ বিচার-প্রক্রিয়ায় দুর্নীতির মামলাগুলোর ক্ষেত্রে পা ছেড়ে কাঠি নিয়ে টানাটানি করা হয়েছে বেশি। এ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেও দুর্নীতির বিরুদ্ধে মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে না। যদি বছরে ১০০টি মামলারও চূড়ান্ত নিষ্পত্তি হতো, তাহলে দুর্নীতি অন্তত ৫০ ভাগ কমে যেত।গোলাম রহমান বলেন, ব্যাংক, বিমা ও পুঁজিবাজারকে আর্থিক খাতের আওতায় ধরা হয়। কিন্তু আর্থিক অপরাধ কেবল তিনটি খাতের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বাজার-কারসাজিও একটা বড় ধরনের আর্থিক অপরাধ। ১৯৯৬ সালে পুঁজিবাজারে এ রকম একটি কারসাজির কারণে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ফকির হয়ে গেছে। কিছুদিন আগে পুঁজিবাজারে কারসাজির অভিযোগে থাইল্যান্ডের একজন সাবেক প্রধানমন্ত্রীর বিচার হয়েছে। কিন্তু দেশের পুঁজিবাজারে এ রকম ঘটনা অহরহ ঘটছে।আর্থিক অপরাধের উদাহরণ দিতে গিয়ে দুদকের চেয়ারম্যান বলেন, দেশের আইনপ্রণেতারা বিদেশ থেকে শুল্কমুক্ত সুবিধা পেয়ে বড় বড় গাড়ি নিয়ে আসেন। তারপর সেগুলো বেশি দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। এটা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার অপরাধ।সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, দুর্নীতির কারণে সত্ ব্যবসায়ীদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। দুর্নীতির ফলে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতি কনটেইনার পরিবহন খরচ ৬০০ ডলারে নেমে এসেছিল। কিন্তু এখন তা আবার এক হাজার ২০০ ডলারে উঠেছে। এ অবস্থায় দেশের রপ্তানিকারকেরা প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছেন। তাঁর মতে, দুর্নীতি কমানোর বিষয়টি নির্ভর করে রাজনৈতিক সুশাসনের ওপর। সত্তরের দশকে হংকংয়ে ব্যাপক দুর্নীতি ছিল। কিন্তু রাজনৈতিক সরকারের উদ্যোগে দেশটি আজ দুর্নীতিমুক্ত। মন্ত্রী যদি দুর্নীতি না করেন, তাহলে মন্ত্রণালয় থেকে দুর্নীতি চলে যাবে।বদিউর রহমান বলেন, সাধারণত অভাব থেকে দুর্নীতির শুরু। পরে দুর্নীতির লাভটা লোভে রূপ নেয়। একপর্যায়ে তা আসক্তি হয়ে যায়। আর এভাবে অর্জিত সম্পদের কারণে যখন কারও সামাজিক সম্মান বৃদ্ধির মতো ঘটনা ঘটে, তখন দুর্নীতির প্রবণতা আরও বাড়ে। পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সম্মান পাওয়ার মাধ্যমে এ প্রবণতা বিশাল আকার ধারণ করে।দুর্নীতি সমাজে অনৈতিক প্রতিযোগিতা বাড়ায়, এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান থাকা অবস্থায় ৫০ জন সহকর্মীর ওপর বিশেষ নজর রেখেছিলাম। তখন দেখেছি, কে কত বেশি ঘুষ নিতে পারেন এর ওপর তাঁদের পারস্পরিক মর্যাদার বিষয়টি নির্ভর করে। ৫০০ টাকা ঘুষ যিনি নেন, তাঁর চেয়ে পাঁচ হাজার টাকা ঘুষ নেন যিনি, তাঁর মর্যাদা বেশি। দুর্নীতির এ সামাজিক প্রতিযোগিতাকে কোনোভাবেই রোধ করা যাচ্ছে না।’তিনি বলেন, দুর্নীতি ঠেকাতে রাষ্ট্রীয়ভাবে আইনের প্রয়োগ জরুরি। কিন্তু সরকার নিজেই যদি সমস্বরে দুর্নীতির পক্ষে দাঁড়ায়, তাহলে আর্থিক অপরাধ বন্ধ করা যাবে না।মইনুল ইসলাম বলেন, গোটা বিশ্বব্যবস্থায় বহুজাতিক পুঁজিপতিও বাণিজ্যনির্ভর হয়ে পড়েছেন। দেশীয় ব্যবসায়ীরা কেউ কেউ শিল্প গড়লেও তাঁদের বেশির ভাগই বাণিজ্য করছেন। আর রাষ্ট্র যেহেতু করসহ বিভিন্ন ধরনের নীতি ঠিক করে দিচ্ছে, সে জন্য রাষ্ট্রের সঙ্গে ব্যবসায়ীদের একটা যোগসাজশ গড়ে উঠছে। এ প্রক্রিয়ায় দুর্নীতি রাষ্ট্রের একটি ব্যবস্থা হয়ে গেছে। রাষ্ট্রের এমন কোনো বিভাগ পাওয়া যাবে না, যেখানে দুর্নীতি নেই।অতীতের একটি জরিপের উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই সময় জাতীয় সংসদের ৩০০ সাংসদের মধ্যে ১০৪ জনের চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা ছিল। অর্থনীতির এ দুর্বৃত্তায়নই রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঘটাচ্ছে।ইফতেখারুজ্জামান বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারস বিশ্বব্যাপী আর্থিক অপরাধ জরিপ করে থাকে। প্রতিষ্ঠানটির ২০০৯ সালের জরিপে বলা হয়েছে, পৃথিবীর সব দেশেই এ ধরনের অপরাধ সংগঠিত হয় এবং তা ক্রমবর্ধমান হারে বাড়ছে। এসব ঘটনায় এক-তৃতীয়াংশ ক্ষেত্রে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কিন্তু দুর্নীতি প্রতিরোধে আইন থাকলেও প্রয়োগ নেই।তিনি বলেন, আর্থিক অপারাধ সমাজে অনেক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। দেশে প্রতিবছর গড়ে ৫ থেকে ৬ শতাংশ হারে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়। দুর্নীতি যদি মাঝামাঝি পর্যায়ে নামিয়ে আনা যেত, তাহলেও জিডিপি প্রায় ৩ শতাংশ বাড়ত। একইভাবে সেবামূলক খাতে যে দুর্নীতি হয়, তাতে মাথাপিছু আয় ৪ শতাংশ কমে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আইন প্রয়োগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সামর্থ্য বাড়াতে হবে।[রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যে মুনাফা ভাগাভাগির যোগসাজশ তৈরি হয়গোলাম রহমানদেশের শেয়ারবাজারে এখন যা ঘটছে, তা আর্থিক অপরাধের পর্যায়েই পড়েসৈয়দ মঞ্জুর এলাহীযাঁর কাছ থেকে ১০-১২ কোটি টাকা কর আদায় করেছি, তিনিই সংসদে গিয়ে বড় কথা বলছেনবদিউর রহমান]