দুর্নীতি সম্পর্কে অভিযোগ সুস্পষ্ট নয়: মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বৈশ্বিক জরিপে বাংলাদেশের বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তা সুস্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। বিচার বিভাগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ করা ঠিক নয় বলে উল্লেখ করেছেন তিনি। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন এ মন্তব্য করেন। সমিতির শফিউর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বৈশ্বিক জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৯৩ শতাংশ মানুষের ধারণা, দেশে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান যৌথভাবে রাজনৈতিক দল ও পুলিশ। ৮৯ শতাংশ উত্তরদাতার ধারণায় দুর্নীতিতে তৃতীয় অবস্থানে আছে বিচারব্যবস্থা। ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার ২০১২’ শীর্ষক জরিপ প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের ৬০ শতাংশ উত্তরদাতা মনে করেন, দেশে দুর্নীতি বেড়েছে। উত্তরদাতাদের ধারণা, পুলিশ, বিচারব্যবস্থা ও ভূমিসেবা ঘুষ নেওয়ার শীর্ষস্থানীয় খাত। গতকাল মঙ্গলবার ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।টিআইয়ের ওই প্রতিবেদনের বিচার বিভাগসংশ্লিষ্ট অংশের প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বলেন, কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রকাশ করতে হবে। কিন্তু গুটি কয়েক বিচারকের আর্থিক লেনদেনের অভিযোগের ভিত্তিতে ঢালাওভাবে বিচারকদের প্রতি অভিযোগ করা হচ্ছে। মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, সরকারদলীয় লোকদের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ায় বিচার বিভাগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ হচ্ছে। শুধু আর্থিক লেনদেন করলেই দুর্নীতি হয় না; স্বজনপ্রীতি ও দলীয় প্রভাবও দুর্নীতির মধ্যে পড়ে। ‘নিম্ন আদালতের ইটও হাঁ করে থাকে টাকার জন্য’—আইনমন্ত্রীর দেওয়া এমন বক্তব্য তুলে ধরে মাহবুব উদ্দিন খোকন কোনো নির্দিষ্ট বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাঁর সম্পত্তির হিসাব বিবরণী দেওয়ার বিধান করার দাবি করেন। তিনি বলেন, এতে দেশের জনগণের মধ্যে বিচারক ও বিচার বিভাগ সম্পর্কে আস্থা বৃদ্ধি পাবে। মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও সরকার এখন পর্যন্ত বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করেনি। সরকার আইন মন্ত্রণালয়ের অধীনে বিচার বিভাগ রেখে সরাসরি নিয়ন্ত্রণ করছে। আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, দেশের আইনজীবীরা বিচার বিভাগের একটি অংশ হলেও তাঁদের দুর্নীতি করার কোনো সুযোগ নেই। তাঁরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখছেন।