দুর্নীতি-সূচকে এক ধাপ এগোল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ এগিয়েছে। বিশ্বে বাংলাদেশের অবস্থান এবার ১৩তম। গত বছর এ অবস্থান ছিল ১২তম। দুর্নীতির সূচকে গত বছর বাংলাদেশের স্কোর ছিল দুই দশমিক চার। এবারে তা হলো দুই দশমিক সাত।বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আজ বৃহস্পতিবার একযোগে সারা বিশ্বে এ প্রতিবেদন প্রকাশ করেছে। আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে এটি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, ‘গতবারের তুলনায় কিছুটা উন্নতি হলেও বাংলাদেশে দুর্নীতির ব্যাপ্তি এখনো উদ্বেগজনক। কারণ, সূচকে একটি মধ্যম পর্যায়ের দেশের তালিকায় পৌঁছাতে হলে একটি দেশের স্কোর হতে হয় পাঁচ। সে ক্ষেত্রে বাংলাদেশের স্কোর এখনও তিনের নিচে।’সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, ‘এবারের সূচকের ফলাফলে খুব বেশি সন্তুষ্টির সুযোগ নেই। দুর্নীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে আরও অনেক কাজ করতে হবে।’গত বছরের মতো এবারও দুর্নীতির সূচকে শীর্ষ স্থানে রয়েছে সোমালিয়া। তবে এবার তাদের সঙ্গে যৌথভাবে শীর্ষ স্থানে উঠে এসেছে উত্তর কোরিয়া। উভয় দেশের স্কোর এক দশমিক শূন্য।এক দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান ও মিয়ানমার। গত বছরও তাদের অবস্থান ছিল দ্বিতীয়।তৃতীয় স্থানে আছে সুদান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। এ দেশগুলোর সূচক পয়েন্ট এক দশমিক ছয়। এক দশমিক আট পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে হাইতি ও ইরাক।২০০১ সাল থেকে ২০০৫ পর্যন্ত বাংলাদেশের অবস্থান ছিল দুর্নীতিতে শীর্ষে। ২০০৬ সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়, ২০০৭ সালে সপ্তম, ২০০৮ সালে দশম আর ২০০৯ সালে ১৩তম।দুর্নীতির সূচকে চলতি বছর বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে ইকুয়েডর, ইথিওপিয়া, গুয়েতেমালা, ইরান, কাজাকিস্তান, মঙ্গোলিয়া, মোজাম্বিক ও সলোমন দ্বীপপুঞ্জ।কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট নয় দশমিক পাঁচ। নয় দশমিক চার পয়েন্ট নিয়ে ডেনমার্ক ও ফিনল্যান্ড আছে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে। সুইডেন আছে তৃতীয় অবস্থানে। তাদের পয়েন্ট নয় দশমিক তিন। চতুর্থ অবস্থানে আছে সিঙ্গাপুর। তাদের পয়েন্ট নয় দশমিক দুই।১৮৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০। গত বছর ১৭৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৪।