দুর্নীতি-স্বেচ্ছাচারিতায় সংকটে এনজিও হীড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির পাঁকে পড়ে দেশের অন্যতম বড় বেসরকারি সংস্থা (এনজিও) হীড বাংলাদেশ মারাত্মক সংকটে। তিন হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী ইতিমধ্যে চাকরি হারিয়েছেন। দাতারাও সাহায্য বন্ধ করে দিয়েছে।একাধিক তদন্তে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ায় সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ এ জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। তদন্তে দেখা গেছে, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক এলগিন সাহা কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া তিনি নিয়মবহির্ভূতভাবে ছেলে-স্ত্রী-বোনকে চাকরি দিয়েছেন, প্রতিষ্ঠানের সংবিধান লঙ্ঘন করে ট্রাস্ট গঠন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে নির্বাহী পরিচালক পরিবর্তন, পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নূরুন নবী তালুকদার ২৩ জুন প্রথম আলোকে বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর দপ্তরের তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নির্দেশনা পেয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন।এমন প্রেক্ষাপটে এলগিন সাহা পদ ছেড়ে গত সপ্তাহে তাঁর ছোট ছেলে এলিন ইমন সাহাকে নির্বাহী পরিচালকের পদে বসিয়েছেন। ১৯৭৪ সালে কয়েকজন বিদেশির হাত ধরে এনজিও হীডের যাত্রা শুরু হয়। খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা অঞ্চলে এর কাজ প্রসারিত হয়। কৃষি ও স্বাস্থ্য খাতে কাজ করে এনজিওটি যথেষ্ট সুনাম অর্জন করে। কিন্তু একপর্যায়ে এর অবনমন শুরু হয়। বছর তিনেক আগেও হীড ২৫টি প্রকল্প বাস্তবায়ন করত। বর্তমানে ক্ষুদ্রঋণ, স্কুল, ভাষা শিক্ষা, হস্তশিল্প, পানি ও পয়োব্যবস্থাপনা এবং যক্ষ্মা-ম্যালেরিয়া প্রকল্প চালু আছে। সূক্ষ্ম ও স্থূল দুই রকম অনিয়ম: হীডের দুর্নীতি তদন্তে গঠিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের কমিটি গত বছরে ২২ সেপ্টেম্বর দেওয়া প্রতিবেদনে বলছে, এলগিন সাহা প্রতিষ্ঠানের নামে একটি জমি কেনাসূত্রে অর্থ আত্মসাতে যুক্ত। তিনি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) মিরপুরে অবস্থিত কিছু জমি কেনার সিদ্ধান্ত নেন প্রতিষ্ঠানের কাছে তথ্য গোপন করে। দলিলে (নম্বর ১১৯৯, তাং ৩ ফেব্রুয়ারি ২০০৯) জমির মূল্য দেখানো হয়েছে সাত কোটি ৪০ লাখ টাকা। এলগিন তদন্ত কমিটির কাছে জমির মূল্য বাবদ সাত কোটি ৬০ লাখ পরিশোধ করার কথা বলেছেন। কিন্তু টিডব্লিউএর তহবিলে গেছে মাত্র দুই কোটি ৩০ লাখ টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন বলছে, ‘এলগিন সাহার ভূমিকাই এ ক্ষেত্রে মুখ্য বলে প্রতীয়মান হয়েছে।’ উল্লেখ্য, ২০০৯ সালের ২৪ মে প্রথম আলো এ বিষয়ে ‘আদিবাসীদের জমি বিক্রি করে পাঁচ কোটি টাকা আত্মসাতের চেষ্টা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।সিডর-উপদ্রুত এলাকায় নির্মিত ১০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের কাজ এলগিন নিয়ম না মেনে ‘নিজের পছন্দের’ লোককে দেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘অর্থ আত্মসাতের উদ্দেশ্যে নির্দিষ্ট লোক দিয়ে’ কাজ করানো হয়েছে। খুলনায় হীড অফিসের জন্য এলগিন নিজের বোনের বাড়ি ভাড়া নেন। মাত্র তিন হাজার টাকা ভাড়া বাসার জন্য তিনি অগ্রিম দেন চার লাখ টাকা। এর সঙ্গে আরও কিছু অনিয়ম তুলে ধরে তদন্ত প্রতিবেদন বলছে, ‘হীড বাংলাদেশের অর্থ এলগিন সাহা (কর্তৃক) তাঁর বোনের স্বার্থে খরচ করার অকাট্য প্রমাণ রয়েছে বলে মনে হয়।’ভুয়া পরামর্শককে অর্থ পরিশোধসহ আরও বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘এতে তাঁর (এলগিন) সূক্ষ্ম অনিয়ম করার মানসিকতা এবং অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে।’প্রথম আলো এলগিন সাহার সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তাঁর ছেলে নতুন নির্বাহী পরিচালক এলিন ইমন সাহা শুধু বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিবেদন তাঁরা পাননি।আদালতেও পরাজয়: হীডের হস্তশিল্প প্রকল্পের পরিচালক জন বাড়ৈকে সরিয়ে দিয়ে সেই পদে নিজের বড় ছেলে তীর্থ তিমন সাহাকে বসান এলগিন। জন বাড়ৈ প্রথম আলোকে বলেন, তিনিসহ হঠাৎ চাকরি যাওয়া চারজন ২০০৯ সালের জুন মাসে এনজিও ব্যুরোর কাছে এলগিন সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের আবেদন করেন। তদন্তের স্বার্থে এলগিনকে নির্বাহী ক্ষমতার বাইরে রাখার জন্য হীডের পরিচালনা পর্ষদকে চিঠি দেয় ব্যুরো। তবে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা করে নির্বাহী পদে থেকে যান এলগিন। এনজিও ব্যুরো এলগিন নির্বাহী পরিচালক থাকা অবস্থায়ই তদন্ত করে এবং আর্থিক অনিয়মসহ দুর্নীতির বেশ কিছু প্রমাণ পায়। এলগিন সাহা সেই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি তুললে ২০১০ সালের আগস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় নতুন কমিটি করে পুনর্তদন্তের উদ্যোগ নেয়। দুই সদস্যের ওই কমিটি ২০১০ সালের ২২ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেয়। এনজিও ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, রিটের কারণে তাঁরা এলগিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি। তবে গত সপ্তাহে হাইকোর্ট সেই রিট মামলা খারিজ করে দিয়েছেন। এরপর এলগিন সাহার ছোট ছেলে এলিন ইমন সাহাকে নির্বাহী পরিচালকের পদে বসান। পারিবারিক এনজিও?: এলিন ইমন সাহা প্রথম আলোকে জানান, গত সপ্তাহে তিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়েছেন। বর্তমানে এলগিনের বড় ছেলে তীর্থ তিমন সাহা ও ছোট বোন সুজান সুপ্তি হালদার দুজন পরিচালকের পদে আছেন। প্রথমজন হস্তশিল্প প্রকল্প ও দ্বিতীয়জন মানবসম্পদ ও প্রশাসনের দায়িত্বে। এলগিনের স্ত্রী হীড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এলগিন সাহার ছেলের শ্বশুর, বোনের স্বামীসহ আরও বেশ কয়েকজন আত্মীয় এনজিওটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তদন্ত প্রতিবেদন বলছে, ‘হীড বাংলাদেশ নামক বেসরকারি প্রতিষ্ঠানটিতে ইচ্ছেমতো স্বীয় আত্মীয়স্বজনকে বিভিন্ন পদে নিয়মবহির্ভূতভাবে পদায়নের ফলে প্রতিষ্ঠানটিতে পারিবারিক চরম স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটেছে।’এলগিন সাহা ১৯৯৫ সালে হীডের নির্বাহী পরিচালকের দায়িত্ব নেন। তখন থেকেই পরিচালনা পর্ষদে ও চাকরিতে নিজের আত্মীয়স্বজনকে ঢোকাতে শুরু করেন বলে অভিযোগ। সূত্র বলেছে, দাতাগোষ্ঠী বার বার চাপ দিয়েছে পরিচালনা পর্ষদ ও নির্বাহী পরিচালকের পদে পরিবর্তন আনার জন্য। কিন্তু এলগিন সাহার নিজের আত্মীয়স্বজন পরিচালনা পর্ষদের সদস্য হওয়ায় তাঁরা কোনো পরিবর্তন আনেননি। উল্টো অবসরে যাওয়ার বয়স হওয়া সত্ত্বেও পর্ষদ এলগিন সাহার চাকরির মেয়াদ পাঁচ বছর বাড়ায়।বঞ্চিত ব্যক্তিদের অভিযোগ: অভিযোগ রয়েছে, অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করার চেষ্টা করলেই চাকরি হারাতেন কর্মীরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত দুই বছরে তিন হাজার ২৮৫ জন কর্মীর চাকরি গেছে। তাঁদের ২০ জন প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন তাঁরা প্রাপ্য বুঝে পাননি। এ ব্যাপারে জানতে চাইলে এলিন ইমন সাহা বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন, বিস্তারিত কিছু জানেন না।চাকরিচ্যুতদের কেউ কেউ ন্যায়বিচার পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন পর্যায়ে আবেদন করেন। কেউ কেউ বিষয়টি দাতাদের জানান। ব্যবস্থা কী হচ্ছে: সূত্র বলছে, এলগিন প্রতিষ্ঠানটি আঁকড়ে থাকতে চাইছেন। এখন তাঁর লক্ষ, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ।প্রধানমন্ত্রীর দপ্তরের তদন্ত প্রতিবেদনে সৃষ্ট অচলাবস্থা দূর করতে হীডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত ২ মার্চ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে চিঠিও পাঠানো হয় এনজিও ব্যুরোতে।এনজিও ব্যুরোর একাধিক কর্মকর্তা বলেছেন, তাঁরা সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পদস্থ কর্মকর্তা বলেন, ‘লোকটি খুবই ধুরন্ধর বলে আমরা আটঘাট বেঁধে এগোচ্ছি।’