দুর্নীতি: আবার অনশনে আন্না ও রামদেব
বারবার দুর্নীতির অভিযোগে নাকাল ভারতের ইউপিএ সরকার। দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে সরকার-বিরোধী বিক্ষোভ। সমান্তরালে বাড়ছে মন্ত্রী ও ক্ষমতাসীন দলের লোকদের বিচারের দাবি। মানবাধিকার কর্মী আন্না হাজারে ও যোগগুরু রামদেব এই সরকার-বিরোধী আন্দোলনে রসদ জোগাতে আজ রোববার যোগ দিয়েছেন এক অনশন কর্মসূচিতে।প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ মোট ১৪ জন মন্ত্রীর বিরুদ্ধে আনা ঘুষ ও দুর্নীতির অভিযোগে এই অনশন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রাজধানী নয়াদিল্লিতে।আজ ভোরে দুই নেতাই তাঁদের কর্মীদের নিয়ে রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।রামদেব বলেন, রুপির অবমূল্যায়ন ও প্রবৃদ্ধির নিম্নগতিই বলে দেয় দেশের অবস্থা খারাপ। আজাদ হিন্দ গ্রামে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, ‘আমাদের কালো টাকা ফিরিয়ে আনা দরকার। জনগণকে আমি আহ্বান জানাচ্ছি দুর্নীতিবিরোধী এই যুদ্ধে যোগ দিতে।’অতীতে রামদেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হলে আন্নার অনুসারীদের মধ্যে মতদ্বৈধতা দেখা দিয়েছিল।দিল্লি পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে অনশনের জন্য দুই পক্ষকেই অনুমোদন দেওয়া হয়েছে। তবে তাঁরা পাঁচ হাজারের বেশি লোক জমায়েত করতে পারবেন না। ওই কর্মকর্তা আরও বলেন, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।