দুর্নীতিই পাকিস্তানের গণতন্ত্রের বড় শত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ নয় বরং দুর্নীতির কারণেই পাকিস্তানে গণতন্ত্র হুমকিতে আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রভাবশালী সাংবাদিক হামিদ মীর। গতকাল শুক্রবার লন্ডনের স্কুল অব ইকোনমিক্সে ছাত্রদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হবে, পাকিস্তান সপ্তাহের অংশ হিসেবে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে ওই বক্তৃতার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পাকিস্তান সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে। বিষয় ছিল ‘পাকিস্তান কি জঙ্গিবাদকে হারাতে পারবে?’ হামিদ মীর বলেন, পাকিস্তান এখন আর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ নেই। কারণ পাকিস্তানে সন্ত্রাসী ঘটনা ও আত্মঘাতী বোমা হামলা হ্রাস পাচ্ছে। তবে সন্ত্রাসের চেয়ে দুর্নীতি ও অপশাসন দেশটির জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠছে।২০০২ সালের ৩০ মে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে অভিহিত করা হয়েছিল।হামিদ মীর বলেন, রাজনৈতিক সরকার সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নে অনিচ্ছুক। তাদের এই দায়িত্বহীন আচরণ গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে। যদি আবারও গণতন্ত্র লাইনচ্যুত হয়, তাহলে পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পাকিস্তানের সন্ত্রাস পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে হামিদ মীর বলেন, পাকিস্তানি গণমাধ্যম আত্মঘাতী বোমা হামলার বিরুদ্ধে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে সোয়াতে ব্যাপক সেনা অভিযান অব্যাহত রেখেছে। তাদের সঙ্গে আছে রাজনৈতিক দলগুলো। ২০০৯ সালে পাকিস্তানে তিন হাজার ৮১৬টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। ২০১০ সালে ঘটেছে তিন হাজার ৩৯৩টি ঘটনা। ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে ১১ শতাংশ সন্ত্রাস হ্রাস পেয়েছে। আর আত্মঘাতী হামলাও ২২ শতাংশ হ্রাস পেয়েছে। ২০০৯ সালে ৮৭টি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে এবং ২০১০ ঘটেছে ৬৮টি ঘটনা। হামিদ মীর বলেন, পাকিস্তানে জঙ্গিবাদ একটি বড় সমস্যা। তবে সেটা কোনো মৌলিক সমস্যা নয়। মৌলিক সমস্যা দারিদ্র্য, অশিক্ষা, অবিচার, দুর্নীতি ও অপশাসন। তিনি বলেন, ছয় কোটি পাকিস্তানি দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। পাকিস্তানে দুই কোটি শিশু রয়েছে, যাদের বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে। তাদের মধ্যে অর্ধেকই স্কুলে যায় না। অধিকাংশ সরকারি স্কুলে শিক্ষক ও ভবন নেই। দরিদ্র শিশুরা মাদ্রাসায় যায়। আর ধনীরা ইংরেজি মাধ্যমের স্কুলে যায়। এই বিভাজনই পাকিস্তানে জঙ্গিবাদের প্রধান উত্স। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে, পাকিস্তানে দুর্নীতি বাড়ছে। আর নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, আত্মঘাতী হামলা কমছে। তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করা না গেলে তা সন্ত্রাসবাদের চেয়েও ভয়ংকর হুমকি হয়ে উঠতে পারে পাকিস্তানের জন্য। হামিদ মীর তাঁর বক্তৃতায় পাকিস্তানে জঙ্গিবাদ মোকাবিলায় একমুখী শিক্ষাব্যবস্থা, আইনের শাসন, কিছু রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দেন। তিনি বলেন, পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসিরের হত্যাকারীর পাশাপাশি দুই পাকিস্তানির হত্যাকারী মার্কিন নাগরিক রেমন্ড ডেভিসের বিচার দেশের প্রচলিত আইনেই হতে হবে। রেমন্ড ডেভিসকে যদি ছেড়ে দেওয়া হয়, তবে জঙ্গিরা আরও শক্তি অর্জন করবে। যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলাকে আইনের পরিপন্থী বলে উল্লেখ করেন হামিদ মীর। এ ধরনের হামলায় জঙ্গি নিহত হওয়ার চেয়ে নিরীহ মানুষই বেশি নিহত হয় বলে তিনি জানান। এই হামলা পাকিস্তানের অনেককেই এমনকি শিক্ষিত তরুণদেরও উগ্রবাদী করে তুলছে এবং জন্ম দিচ্ছে জঙ্গিবাদের।