দুর্নীতিগ্রস্তদের নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয়: আবুল মকসুদ
সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে রেখে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন না। কাজেই যোগাযোগমন্ত্রীসহ যার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠুক, সেই অভিযোগের সত্যতা যাচাই করা সরকারের নীতিনির্ধারকদের দায়িত্ব। উইকিলিকসে যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে অসততার অভিযোগ-সম্পর্কিত যে বার্তা প্রকাশিত হয়েছে, সেই প্রসঙ্গে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আবুল মকসুদ এ কথা বলেন। সম্প্রতি ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতার ব্যানারে আবুল মকসুদ যোগাযোগমন্ত্রীকে পদচ্যুত করাসহ সড়ক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সাত দফা দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছেন। আবুল মকসুদ বলেন, উইকিলিকসে যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে অসততার অভিযোগ-সম্পর্কিত প্রকাশিত বার্তাটি অত্যন্ত তাত্পর্যপূর্ণ। এমন একটি সময়ে তথ্যটি প্রকাশ করা হলো, যখন সারা দেশে যোগাযোগমন্ত্রীর পদচ্যুতির দাবি উঠছে। উইকিলিকস নিশ্চয় তাদের নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যই প্রকাশ করেছে। সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘শুধু আমরা নয় সংসদেও যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে মহাজোটের সাংসদরা কথা বলছেন। এমনকি আওয়ামী লীগের সাংসদরাও একই কথা বলছেন।’ আবুল মকসুদ বলেন, ‘কেবল যোগাযোগ খাতেই নয়, বাংলাদেশের অন্যান্য খাতেও এখন দুর্নীতি চলছে। কাজেই সরকারের উচিত যাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠে সেটি তদন্ত করা। আর যোগাযোগমন্ত্রীসহ আরও কয়েকজন ব্যর্থ, অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির দশ ভাগের এক ভাগও পূরণ করতে পারবেন না।’সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমরা গত কয়েক দিন ধরেই বিষয়গুলো নিয়ে বলে আসছি। আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধেও নয়। আমরা কেবল, দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছি। আমরা এই অব্যবস্থার পরিবর্তন চাই।’