দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও জঙ্গিবাদের মদদদাতারা জাতির কল্যাণ করতে পারে না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, ঘুষখোর, সুদখোর এবং জঙ্গিবাদের মদদদাতারা কখনো দেশ ও জাতির কল্যাণ করতে পারে না।আজ শুক্রবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পরাজিত শক্তির সহযোগীরা আর যা-ই করুক ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করতে পারে না।প্রধানমন্ত্রী বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অপশক্তি জামায়াতকে নিয়ে গঠিত বিএনপি-জামায়াত জোট সরকার ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও জঙ্গিবাদ ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারা বিশ্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা হিসেবে বাংলাদেশের যে নেতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছিল, তা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। বিশ্ববাসী বাংলাদেশকে এখন সম্ভাবনার দেশ হিসেবে মনে করে।’আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেনিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল উপস্থিত ছিলেন। বাসস।