দুর্নীতিবাজ অস্ত্র ব্যবসায়ীদের কাছে লোভনীয় স্থান ভারত
ভারতীয় সেনাবাহিনী একধরনের বিশেষ ট্রাক ব্যবহার করে। চেক প্রজাতন্ত্রে তৈরি ‘ট্যাটরা’ নামের সেই ট্রাকে বিখ্যাত পৃথ্বী ক্ষেপণাস্ত্র বহন করা হয়। সেই ‘ট্যাটরা’ ট্রাকই ভারতে জন্ম দিয়েছে নতুন যুগের বোফর্স কেলেঙ্কারির। আশির দশক উত্তাল করা সেই বোফর্স কেলেঙ্কারি যেন আবার ফিরে এসেছে ট্যাটরা ট্রাকে চেপে।২০০৯ সালে এইচ হনুমান থাপা (৭৯) নামের এক কংগ্রেসদলীয় সাংসদ নয়াদিল্লিতে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে কেঁপে ওঠে গোটা প্রশাসন ব্যবস্থা। হনুমান থাপা সেই চিঠিতে অভিযোগ করেছিলেন চেক প্রজাতন্ত্রের ট্যাটরা ট্রাক কিনতে বিরাট দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। ভারত আর্থ মুভারস লিমিটেড নামের একটি বেসরকারি ট্রেডিং প্রতিষ্ঠান ভারতীয় সেনাবাহিনীর কাছে ট্যাটরা ট্রাক বিক্রি করেছে প্রতিটি ৮০ লাখ রুপিতে। যেখানে সরাসরি ট্যাটরা ট্রাক নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে তা কিনলে পড়ত ৩০ থেকে ৪০ লাখ রুপি। তিনি সেই চিঠিতে আরও অভিযোগ করেন, ভারত আর্থ মুভারসের কাছ থেকে ট্যাটরা ট্রাক কেনার ঘটনাটি ২০০৫ সালে লোকসভায় পাস হওয়া প্রতিরক্ষা ক্রয়-সংক্রান্ত একটি আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন। সেই আইনে বলা আছে, যেকোনো ধরনের প্রতিরক্ষা ক্রয়ের যাবতীয় চুক্তিই হবে নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে। সুতরাং, ট্যাটরা ট্রাকের ক্ষেত্রে আইন লঙ্ঘন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ব্যবসার সুযোগ করে দেওয়ার মাধ্যমে ব্যক্তিস্বার্থই রক্ষা হয়েছে বলে কংগ্রেসদলীয় ওই সাংসদ অভিযোগ করেছিলেন।গত বেশ কিছুদিন ধরেই ভারতের বিখ্যাত সাময়িকী ইন্ডিয়া টুডে প্রতিরক্ষা-বিষয়ক বিভিন্ন কেলেঙ্কারি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। এ প্রতিবেদনের অবতরণিকায় ট্যাটরা ট্রাক-সংক্রান্ত যে ঘটনাটির কথা উল্লেখ করা হয়েছে, সেটা বড় ধরনের কেলেঙ্কারি হলেও তা এত দিন ছিল লোকচক্ষুর আড়ালে। ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল ভি কে সিং সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার পর ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে নানা ‘উপাদেয়’ ঘটনা। বেরিয়ে আসতে থাকে ‘প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা যাবে না’—এই জুজুর আড়ালে আসলে ভারতীয় সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কী কী ঘটনা ঘটে, সেগুলো। কিন্তু সত্যিকার অর্থে সেই ঘটনাগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে ভারতের তিল তিল করে গড়ে ওঠা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রীতি-নীতিকে। প্রশ্নবিদ্ধ করেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি ভারতে প্রতিরক্ষা ক্রয়ের প্রক্রিয়াকে।ট্যাটরা ট্রাকের ঘটনাটি অনেকগুলো ঘটনার একটি। ইন্ডিয়া টুডে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই ২০০৬ সাল থেকেই প্রতিরক্ষা ক্রয়ে অহরহ আইন লঙ্ঘন করে চলেছে। সাংসদ হনুমান থাপার অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে একটি তদন্ত চালায়। সেই তদন্তে দেখা যায়, হনুমানজির অভিযোগ সত্যি। আইন লঙ্ঘন করেই ভারত আর্থ মুভারস লিমিটেডের মতো একটি বেসরকারি প্রতিষ্ঠানকে আর্থিকভাবে লাভবান করা হয়। এ ব্যাপারে নিজের পদ হারাতে হয়েছিল তত্কালীন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স (এমওডি) ব্রিগেডিয়ার জেনারেল আই এম সিংকে।সবচেয়ে মজার ব্যাপার হলো, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন। তিনি বিষয়টি মীমাংসা করারও কোনো উদ্যোগ নেননি। বিষয়টি নিয়ে তিনি নড়ে-চড়ে বসেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ভি কে সিংয়ের ‘ঠ্যালা’ খেয়ে। গত মার্চ মাসে একটি ভারতীয় সংবাদপত্রে দেওয়া সাক্ষাত্কারে ভি কে সিং এসব বিষয়ে বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, ২০১০ সালে এই ট্যাটরা ট্রাকের চুক্তির ব্যাপারে মুখে কুলুপ এঁটে থাকতে অথবা এ কেনাবেচায় ‘সার্বিক সহযোগিতা’ দেওয়ার জন্য তাঁকে ১৪ কোটি রুপি ঘুষ প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, এ ১৪ কোটি রুপি যদি তিনি নিতেন তাহলে ভারতীয় সেনাবাহিনীকে ৬০০টি বাজে সমরযানের ঘানি টানতে হতো। ভি কে সিং আরও বলেছিলেন, যে ব্যক্তি তাঁকে ঘুষ প্রস্তাব দিয়েছিল তাঁর নাম লেফটেন্যান্ট জেনারেল তাজিন্দর সিং। রবীন্দ্রকুমার ঋষি নামের একজন লন্ডনভিত্তিক ব্যবসায়ীর পক্ষে ঘুষের প্রস্তাব দেন তাজিন্দর সিং। রবীন্দ্রকুমার ট্যাটরা ট্রাক নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন। তাঁর প্রতিষ্ঠান ট্যাটরার নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে অল্প দামে সেই ট্রাক কিনে ভারত আর্থ মুভারসের কাছে বিক্রি করে। আর্থ মুভারস আবার সেই ট্রাক দ্বিগুণ মূল্যে বিক্রি করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে। ফলে এখান থেকে রবীন্দ্রকুমার ঋষি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন।আগেই বলা হয়েছে এই ট্যাটরা ট্রাকের ঘটনাটি অনেক ঘটনার মধ্যে একটি। বেপরোয়া অস্ত্র ব্যবসায়ী ও তাঁদের কমিশন এজেন্টরা ভারতের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, সরকারি আমলাদের হাত করে এভাবেই দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে নিজেদের লাভ-ক্ষতির খেলা। অথচ এ ব্যাপারে ভারত সরকারের সুস্পষ্ট নীতিমালা ও আইন আছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত অস্ত্র ও সমর সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের যে চুক্তি আছে, তাতে যেকোনো প্রতিরক্ষা বিক্রয়ে কোনো এজেন্ট বা পরিবেশক নিয়োগ সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কোনো আইন লঙ্ঘিত হলে সঙ্গে সঙ্গে সেই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির কথা। কিন্তু আইন থাকলেও এ ধরনের দুর্নীতি ভারতীয় প্রতিরক্ষা ক্রয়ের ক্ষেত্রে খুবই স্বাভাবিক এবং এ ব্যাপারগুলো বেরিয়ে আসা শুরু হয়েছে।দুর্নীতিবাজ অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবসায়ীদের কাছে ভারত এক লোভনীয় স্থান। বিশ্বের শীর্ষ সামরিক সরঞ্জাম আমদানিকারক দেশ ভারত। কেবল ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারত ৬০ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম আমদানি করেছে। আগামী এক দশকে ভারত আরও ৯০ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম আমদানি করার পরিকল্পনা করেছে। এসব সামরিক সরঞ্জামের মধ্যে আছে ৫০ হাজার কোটি রুপি মূল্যের ১২৬টি অত্যাধুনিক র্যাফেলে জঙ্গি বিমান, ছয়টি সাবমেরিন (যার মূল্য ২০ হাজার কোটি রুপি)। ক্রয় তালিকায় আরও আছে হাউত্জার কামান। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও ইসরাইলের মতো দেশ ভারতের কাছে এই সরঞ্জামাদি বিক্রি করবে বলে জানা গেছে।জেনারেল ভি কে সিং দুর্নীতির অভিযোগ সামনে নিয়ে আসায় যাবতীয় সন্দেহের মূলে এ মুহূর্তে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। কংগ্রেসে একজন ‘বামপন্থী’ হিসেবে পরিচিত এই অ্যান্টনিকে একজন ‘সত্’ রাজনীতিক হিসেবেই সবাই জানেন। তিনি সব সময়ই বেসরকারীকরণের বিরুদ্ধে সোচ্চার একজন রাজনীতিক। তিনি সরকারে থেকে সব সময়ই সরকারি প্রতিষ্ঠানগুলোকে রক্ষার কথা বলে এসেছেন। সেই অ্যান্টনির সময়ই যখন প্রতিরক্ষা ক্রয়ে এ ধরনের দুর্নীতি চাউর হয়ে গেছে, তখন তাঁর সততা নিয়েই প্রশ্ন ওঠাটা অমূলক নয়। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে চারদিকে। আর ভারত সরকারের প্রতি দাবি উঠেছে প্রতিরক্ষা ক্রয়ের প্রক্রিয়ায় আমূল সংস্কার আনার।ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে এই দাবির কথা উল্লেখ করে তাদের এপ্রিল মাসের সংখ্যায় একটি সম্পাদকীয়ও প্রকাশ করেছে। সেই সম্পাদকীয়র শেষ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করে বলা হয়েছে, পুরো বিষয়টিই নির্ভর করছে একজন অতি সত্ রাজনীতিক মন্ত্রীর ওপর, যাঁর হাত দিয়েই সংস্কার প্রক্রিয়াটি সম্পন্ন হবে।ভারতকে এখন খুঁজে বের করতে হবে সে ধরনের একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে।