দুর্নীতিবাজ পরিবারকে রক্ষা করতে হরতাল দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রী মানুষকে বাঁচাতে নয়, দুর্নীতিবাজ পরিবার ও গ্রেনেড হামলার আসামিদের রক্ষা করতেই হরতাল দিয়েছেন। কারণ, শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেই বিরোধীদলীয় নেত্রীর পরিবারের অর্থ পাচারসহ অনেক দুর্নীতি ধরা পড়েছে। এ জন্যই হরতাল দিয়ে তারা অস্বাভাবিক পরিবেশ তৈরির চেষ্টা করছে।জাতীয় সংসদে গতকাল বুধবার বিকেলে সরকারি দলের সাধনা হালদারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রশ্নোত্তরের আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যারা জনজীবনে দুর্ভোগ সৃষ্টি ও সম্পদের ক্ষতি করছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তিনি বলেন, দেশবাসীর কাছে এই হরতালের গ্রহণযোগ্যতা নেই। দেশবাসী সাড়া না দিলে গাড়ি পুড়িয়ে আন্দোলন সফল হয় না।সংসদ নেতা বলেন, ‘দেশবাসীর প্রতি আমার আহ্বান, এ ধরনের কর্মকাণ্ড যারা করছে, দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করে, তাহলে তারা আর এগুলো করবে না। তারা যেন জনগণের ক্ষতি করতে না পারে, দল-মত-নির্বিশেষে সজাগ থাকতে হবে।’ তিনি বলেন, ‘এখন তাদের (বিরোধী দল) অপকর্মের বিচার হচ্ছে। আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি।’প্রধানমন্ত্রী জানান, এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বিএনপি ৩০০ দিনের বেশি হরতাল দিয়েছিল। তার পরও অর্থনীতির চাকা বন্ধ থাকেনি। তিনি বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়ে স্পিকারের উদ্দেশে বলেন, ‘আপনি তো কোনো দিন বিরোধীদলীয় নেতার মাইক বন্ধ করে দেননি। আর আমরা বিরোধী দলে থাকতে তো আমাকে কথাই বলতে দেওয়া হতো না। এমনকি ২১ আগস্টের আগে আমাকে এই সংসদেই বলা হয়েছিল, বাপ যে পথে গেছে, আমাকেও সে পথে যেতে হবে। প্রসিডিংস দেখলেই তা পাওয়া যাবে।’সাধনা হালদারের প্রশ্নের লিখিত জবাবে শেখ হাসিনা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য মাথাপিছু জাতীয় আয় ১০৮৬ মার্কিন ডলার অতিক্রম করতে হয়। তিনি বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ৬৮৫ মার্কিন ডলার। আগামী বছরগুলোতে গড়ে প্রায় আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হলে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারব।’সরকারি দলের শাহরিয়ার আলমের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু সাবমেরিন কেব্লই নয়, আমরা একটা স্যাটেলাইট পাঠানোর চিন্তাভাবনা করছি।’ ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধ ও অবৈধ সংযোগের মাধ্যমে ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা শহরে ১৫টি, চট্টগ্রাম শহরে পাঁচটি এবং অন্যান্য বিভাগীয় শহর ও জেলা শহরে প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বিধান রেখে বিদ্যুৎ আইনকে যুগোপযোগী করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।আতিউর রহমান আতিকের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিদ্যুতের অপচয় রোধ ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যত অপচয় হবে, ততই অন্যের ক্ষতি হবে। সরকারের সম্পদ জনগণের সম্পদ। এই সম্পদ নষ্ট করবেন না। আমরা সবার জন্য বিদ্যুতের ব্যবস্থা করতে পারব। কাউকে বঞ্চিত করব না। এ জন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে।’ গোলাম কিবরিয়ার সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘জনসংখ্যাকে আমি বোঝা মনে করি না। জনসংখ্যাকে আমি সম্পদ মনে করি। জনগণ শিক্ষিত হলে জনসংখ্যা নিয়ন্ত্রণের ভার নিজেরাই নেবে।’