দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেছেন, সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে না; গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে কঠোর হওয়ার হুমকি দিচ্ছে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর বক্তব্যের জের ধরে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন। সীমান্তে হত্যা বন্ধ করার দাবিতে সম্মিলিত গণতান্ত্রিক জোট নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।গতকাল এক অনুষ্ঠানে সাজেদা চৌধুরী বলেছিলেন, বিরোধী দল মাঠে নামলে আওয়ামী লীগও কঠোর হবে।সরকারকে বিরোধী দলের প্রতি কঠোর না হয়ে হলমার্ক, ডেসটিনি, রেলওয়ে ও পদ্মা সেতু কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর হতে বলেন বিএনপির এই নেতা।মানববন্ধন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। এ জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।বাংলাদেশ-ভারত সীমান্তে ‘গুলি করে পাখির মতো মানুষ মারা হচ্ছে’ দাবি করে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘সরকারের সেদিকে কোনো নজর নেই। পররাষ্ট্রমন্ত্রী মাসের পর মাস বিদেশ সফর করছেন, যেন বিদেশই তাঁর জন্মভূমি। কিন্তু সীমান্তে হত্যা বন্ধ করতে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’