দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না: সুলতানা কামাল
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান সুলতানা কামাল বলেছেন, এই দেশে দুর্নীতিবাজদের নাম প্রকাশ করা হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এসব দুর্নীতির কারণেই বাংলাদেশের অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট পৌর এলাকার হাতিল বুলুপাড়া শিশুউদ্যান প্রাঙ্গণে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সুলতানা কামাল এ সব কথা বলেন।সুলতানা কামাল শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘বরাবরই দুর্নীতিবাজরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ওরা বিচার বিভাগের আওতায়ও আসে না। তরুণদের প্রতিজ্ঞা করতে হবে, দুর্নীতি দমন করার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। প্রত্যয়, প্রতিজ্ঞা ও আত্মবিশ্বাস নিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশের জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। সত্ ও স্বচ্ছভাবে চলতে হবে, দুর্নীতিকে রুখতে হবে, তাহলেই আমরা আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারব।’জয়পুরহাট সংরক্ষিত আসনের সাংসদ মাহফুজা মণ্ডলের সভাপতিত্বে এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য ফরিদা আক্তার, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সুপ্রিয় চক্রবর্তী, জয়পুরহাট পৌরসভার মেয়র আজিজ মোল্লা প্রমুখ।