দুর্নীতিবিরোধী যোদ্ধা থুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন বিষয়ে পড়াশোনার জ্ঞান হাতিয়ার হিসেবে ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন তিনি। এটাই তাঁর ব্রত, এটাই কাজ। হাজার হাজার দুর্নীতির ঘটনা তদন্ত করেছেন তিনি। সরকারের শীর্ষ মহলের দুর্নীতিবাজ অনেক কর্মকর্তাকে ক্ষমতার আসন থেকে ধরাশায়ী করেছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে দুর্নীতির বিরুদ্ধে নিরন্তর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার নারী যোদ্ধা থুলি ম্যাডোরসেলার এই সাফল্যের কথা জানানো হয়।বহু কালের ঔপনিবেশিক শাসন ও বৈষম্যের কারণে দক্ষিণ আফ্রিকার সমাজে জমে থাকা দুর্নীতির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন থুলি ম্যাডোরসেলা। তাঁর দুর্নীতিবিরোধী তদন্তের কারণে দেশটির সাবেক পুলিশপ্রধানসহ গুরুত্বপূর্ণ অনেক কর্তা-ব্যক্তিকে চাকরিচ্যুত করা হয়েছে, মুখোমুখি করা হচ্ছে বিচারের। তিনি ও তাঁর দল এ পর্যন্ত ১৪ হাজারেরও বেশি দুর্নীতির তদন্ত করেছেন।দুই সন্তানের জননী থুলি ম্যাডোরসেলা বলেন, এই যুদ্ধ কেবল শুরু; সাফল্যের জন্য পাড়ি দিতে হবে আরও অনেক পথ। কারণ, বহু বছরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতির মূল রাতারাতি উপড়ে ফেলা যাবে না।থুলি ম্যাডোরসেলা আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আইন বিষয়ে কাজ করেন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার ‘পাবলিক প্রটেক্টর’ হিসেবে কাজ করছেন। তাঁর প্রধান কাজ সরকারের বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা মানুষ যেসব দুর্নীতির অভিযোগ করে, সেগুলো তদন্ত করে সাধারণ মানুষের অধিকার রক্ষা করা। দেশের একজন প্রতিষ্ঠিত মানবাধিকার আইনজীবীও তিনি।প্রতিবেদনে বলা হয়, সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের ওপর সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনামলে থুলি শ্রমিক ইউনিয়ন আন্দোলনে যুক্ত ছিলেন। নব্বইয়ের দশকে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ক্ষমতায় গেলে গোটা দক্ষিণ আফ্রিকায় পরিবর্তনের জোয়ার লাগে। ওই সময় তিনি সংবিধান সংশোধনে গঠিত কমিটির সদস্য ছিলেন। তিনি তাঁর কাজ দিয়ে সরকারি ও বিরোধী উভয় দলের কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন। থুলি ও তাঁর দলের সদস্যরা এ পর্যন্ত ১৪ হাজারেরও বেশি দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তদন্ত করেছেন। এসব তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত হতে হয়েছে। ২০১১ সালে সম্পত্তি ইজারা দেওয়াসংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠে দেশটির তত্কালীন পুলিশপ্রধান ভেকি চেলের বিরুদ্ধে। থুলি ও তাঁর দলের তদন্তে ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ভেকি চেলেকে চাকরিচ্যুত করা হয়।দুর্নীতিবিরোধী কাজে জড়িয়ে পড়া সম্পর্কে থুলি বলেন, আফ্রিকার আরেক দেশ কেনিয়ায় শীর্ষপদস্থ ব্যক্তিদের দুর্নীতি নিয়ে কাজ করতেন জন গিথোনগো। ২০০৫ সালে কেনিয়ার কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর দুর্নীতির প্রমাণসংবলিত টেপ বিবিসির কাছে হস্তান্তরের পর তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। ওই সময় জনের সঙ্গে থুলির দেখা হয়। দুর্নীতির বিরুদ্ধে জনের এমন অবস্থান ও উদ্যোগ থুলিকে নিজের দেশে এ ধরনের কাজ শুরু করতে উদ্বুদ্ধ করে বলে তিনি জানান।থুলি জানান, দুর্নীতির বিরুদ্ধে সাফল্য পেতে হলে পাড়ি দিতে হবে অনেক পথ। এ ব্যাপারে তিনি দেশটির বিচারবিষয়কমন্ত্রী জেফ রাদেবির যুক্তির সঙ্গে একমত পোষণ করেছেন। মন্ত্রী বলেছিলেন, ৩০০ বছরের ঔপনিবেশিক শাসন ও ৪০ বছরের বর্ণবৈষম্যভিত্তিক শাসনব্যবস্থার কারণে বহু বছর ধরে চলা দুর্নীতি রাতারাতি বদলে ফেলা যাবে না।তবে থুলি মনে করেন, দুর্নীতিতে যুক্ত কর্তা-ব্যক্তিদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, তাহলে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছাবে যে দুর্নীতি করে পার পাওয়া যায় না। এ কাজে সাফল্যের ব্যাপারে তিনি আশাবাদী। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকায় এখন মুক্ত গণমাধ্যম আছে। দেশের আদালতও স্বাধীনভাবে কাজ করতে পারে। তাই দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধে সাফল্য পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল।থুলি ম্যাডোরসেলার এসব উদ্যোগের কারণে দেশের পরিস্থিতি খানিকটা বদলাতেও শুরু করেছে। এ কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে মন্ত্রীরা তাঁকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এই নেত্রী সম্পর্কে দুর্নীতিবিরোধী প্রচারণায় নিয়োজিত কর্মীদের মূল্যায়ন, ‘তিনি (থুলি) মহামানবী নন। তিনি একজন সাধারণ মানুষ, যিনি তাঁর কাজটা করে যাচ্ছেন।’দুর্নীতিবিরোধী প্রচারণা চালায়—এমন প্রতিষ্ঠান করাপশন ওয়াচের প্রধান নির্বাহী ডেভিড লুইস বলেন, দক্ষিণ আফ্রিকার দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধকারী থুলি ম্যাডোরসেলা লাখ লাখ নাগরিকের মনে উন্নত সেবা পাওয়ার আশা তৈরি করেছেন।