পদ্মা সেতু প্রকল্প: অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেল
দুর্নীতির অপবাদ নিয়ে পদত্যাগ করবেন না মসিউর
বিশ্বব্যাংকের করা দুর্নীতির অভিযোগের প্রমাণ না দিলে পদত্যাগ করবেন না প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। ভারত সফর শেষে গতকাল শুক্রবার বিকেলে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।অর্থ উপদেষ্টার এই বক্তব্যে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা বাড়ল। অর্থায়ন পুনরায় চালুর জন্য বিশ্বব্যাংক চারটি শর্ত দিয়েছিল। এর তিনটি বাস্তবায়ন করা হলেও বাকি রয়েছে অর্থ উপদেষ্টার পদত্যাগ। এ নিয়ে কয়েক দিন ধরেই জল্পনাকল্পনা ছিল। কিন্তু গতকাল মসিউর রহমান পদত্যাগ না করার কথা জানিয়ে দিলেন।পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংককে রাজি করাতে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মসিউর রহমান সাংবাদিকদের বলেন, এই সফরে এ ধরনের কোনো পরিকল্পনা ছিল না। বিশ্বব্যাংকের শর্ত মেনে তিনি পদত্যাগ করবেন কি না, প্রশ্ন করা হলে মসিউর রহমান বলেন, ‘আমি আগেও বলেছি, আমার পদত্যাগের কারণে যদি সমস্যার সমাধান হয়, তবে একবার কেন, ১০ বারও পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু কোনো মিথ্যা অপবাদ মাথায় নিয়ে পদত্যাগ করব না। আমি ও আমার দল, দেশ কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না।’ মসিউর রহমান দুবার মাথা নত না করার জন্য এই কথা বলেন।প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমি তো বলছি, তাদের কাছে যদি দুর্নীতির প্রমাণ থেকে থাকে, তারা তা দিক। যারা আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে, তারা অত্যন্ত গর্হিত কাজ করেছে।’মসিউর রহমান বলেন, ‘বিশ্বব্যাংককে অনুরোধ করব, যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাদের বাংলাদেশ সরকারের কাছে দিয়ে দিক। যদি তারা ওয়াশিংটনে আইন ভঙ্গ করে থাকে, তাহলে সেখানকার সরকারকে তারা (বিশ্বব্যাংক) জানাবে।’এদিকে, বিশ্বব্যাংকের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, মসিউর রহমান পদত্যাগ বা তাঁকে ছুটিতে না পাঠালে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ঋণ দেবে না। ব্যক্তিগতভাবেও মসিউর রহমানের ঘনিষ্ঠজনেরা তাঁকে পদত্যাগ করতে পরামর্শ দিয়েছেন বলে জানা যায়। তবে গতকাল তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তিনি পদত্যাগ করছেন না।ঋণ নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ আলোচনা করছে বলে সহ-দাতা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আরও এক মাস এবং জাপানের উন্নয়ন সংস্থা তিন সপ্তাহ তাদের ঋণচুক্তির মেয়াদ বাড়িয়েছে। গত ৩১ আগস্ট এই মেয়াদ শেষ হয়েছিল। সরকারের আশা, এডিবি ও জাইকা বাংলাদেশকে সহায়তা দেবে। তবে এডিবি সূত্রে জানা গেছে, মূল দাতা অর্থ না দিলে অন্য দাতাদের সহায়তা দেওয়ার সুযোগ কম। দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ কী ব্যবস্থা নেয়, সেটিও তারা দেখতে চায়।অর্থমন্ত্রী এক সপ্তাহ আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারত পদ্মা সেতুতে সহায়তা পাওয়ার বিষয়ে বাংলাদেশের পক্ষে আলোচনা করছে। এই প্রেক্ষাপটে ভারত সফর শেষে দেশে ফিরে মসিউর রহমান কী বলেন, তা নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। বাংলাদেশ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে অগ্রগতি নিয়ে ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য তিনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ৪ সেপ্টেম্বর দিল্লি যান।