দুর্নীতির অভিযোগ, ভারতের টেলিকম মন্ত্রীর পদত্যাগ
দুর্নীতির অভিযোগে শেষ পর্যন্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হলেন ভারতের কেন্দ্রীয় টেলিযোগাযোগমন্ত্রী এ রাজা। গত রোববার রাতে প্রাধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।এ রাজা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের আঞ্চলিক দল ডিএমকে থেকে নির্বাচিত মন্ত্রী ছিলেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে টুজি স্পেকট্রাক বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। রাজার বিরুদ্ধে অভিযোগ, ২০০৮ সালে তিনি ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে টুজির লাইসেন্স দেন। নিলাম না করে এভাবে লাইসেন্স দেওয়ায় সরকার বিরাট অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু রাজা নিজে বা তাঁর দল ডিএমকে তেমন মাথা ঘামায়নি। বরং ডিএমকের প্রধান এম করুণানিধি রাজার পাশে জোরালো অবস্থান নেন। অন্যদিকে রাজার বিরুদ্ধে এককাট্টা হন বিরোধীরা। তাঁরা সংসদের চলতি অধিবেশনে রাজার অপসারণ নিয়ে প্রচণ্ড বিক্ষোভ দেখাতে থাকেন।এ ছাড়া বিরোধীরা রাজার অপসারণ নিয়ে পর্লামেন্টে আলোচনা এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টে দুর্নীতির মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল। রাজনৈতিক এই ডামাডোলের মধ্যে কেন্দ্রীয় ইউপিএ সরকার রাজাকে সরাকারি কাজে স্বচ্ছতা রাখতে পরামর্শ দেয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই পরামর্শকে ততটা আমল দেননি রাজা বা করুণানিধি। অগত্যা রাজার বিষয়টি নিয়ে গত রোববার বৈঠকে বসেন ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী, প্রধানমন্ত্রী মনমোহন সিং, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। তাঁরা কথা বলেন করুণানিধির সঙ্গে। এরপর রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে দেখা করে পদত্যাগপত্র পেশ করেন রাজা।প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেওয়ার পর রাজা সাংবাদিকদের বলেন, ‘আমি পদত্যাগ করেছি। তার মানে এই নয়, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছি। আমি নির্দোষ, সেটা প্রমাণিত হবে।’রাজা বলেন, ‘অস্বস্তির হাত থেকে কেন্দ্রীয় সরকারকে বাঁচাতে এবং সংসদে শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন আমার নেতা করুণানিধি। এ জন্যই আমি পদত্যাগ করেছি।’প্রসঙ্গত, এ নিয়ে দ্বিতীয় ইউপিএ সরকারের কেন্দ্রীয় দুই মন্ত্রী পদত্যাগ করলেন। এর আগে পদত্যাগ করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর।