দুর্নীতির অভিযোগ তোলায় শিক্ষকদের মধ্যে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এক শিক্ষক বক্তব্য দেওয়ায় শিক্ষকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতির ডাকা বর্ধিত সভায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-পদোন্নতিতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের পদমর্যাদা প্রতিষ্ঠায় করণীয় ঠিক করতে আজ সকাল ১০টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। এ সময় উপাচার্যের সমর্থক হিসেবে পরিচিত লাইফ সায়েন্স অনুষদের ডিন রুহুল মোমেন ওই শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাঁর দিকে তেড়ে যান। তখন তাঁকে বাধা দেন সহকারী প্রক্টর মনিরুজ্জামান ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক কামাল উদ্দিন। এর পরও রেজাউল করিম বক্তব্য দিতে থাকলে রুহুল মোমেনের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষক কামাল উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর পর শিক্ষকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘বর্ধিত সভায় প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ করায় কিছু শিক্ষক বিষয়টি মেনে নিতে পারেননি। তাই তাঁরা ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের ওপর হামলা করেন।’এ ব্যাপারে লাইফ সায়েন্স অনুষদের ডিন রুহুল মোমেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তুচ্ছ ঘটনায় শিক্ষকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।