দুর্নীতির অভিযোগ নিয়ে ইতিবাচক সাড়া মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের ঋণ বাতিল করে গতকাল শনিবার একটি বিবৃতি দিয়েছে। তাতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। দাতা সংস্থাটি বলেছে, এসব অভিযোগের ব্যাপারে বাংলাদেশ সরকার থেকে পর্যাপ্ত বা ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বিবৃতির পূর্ণ বিবরণ: পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ব্যাপারে বাংলাদেশের সরকারি কর্মকর্তা, এসএনসি-লাভালিনের কর্মকর্তা এবং বেসরকারি পর্যায়ের ব্যক্তিবর্গের মধ্যে উচ্চপর্যায়ের দুর্নীতিমূলক ষড়যন্ত্র সম্পর্কে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ বিশ্বব্যাংকের কাছে রয়েছে।বিশ্বব্যাংক ২০১১ সালের সেপ্টেম্বর ও ২০১২ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে দুটি তদন্তের তথ্য-প্রমাণ প্রদান করেছে। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে বিষয়টির পূর্ণ তদন্ত করতে এবং যথাযথ বিবেচিত হলে দুর্নীতির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। আমরা এ পদক্ষেপ নিয়েছিলাম, কারণ আমরা আশা করেছিলাম যে সরকার বিষয়টিতে যথাযথ গুরুত্ব আরোপ করবে।কানাডায় যেখানে এসএনসি-লাভালিনের সদর দপ্তর অবস্থিত, সেখানে বিশ্বব্যাংকের রেফারেলের ভিত্তিতে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসেস কয়েকটি সার্চ ওয়ারেন্ট তামিল করে এবং এক বছরব্যাপী তদন্ত চালিয়ে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট দুজন সাবেক এসএনসি-লাভালিনের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দাখিল করেছে। তদন্ত ও বিচারকাজ অব্যাহত রয়েছে। আদালতে পেশকৃত তথ্য এ ঘটনার গুরুত্ব তুলে ধরেছে।তা সত্ত্বেও, বাংলাদেশ তথা এ অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে পদ্মা সেতুর ভূমিকা বিবেচনা করে আমরা প্রকল্প বাস্তবায়নের জন্য বিকল্প উপায় তথা টার্ন-কি পন্থায় প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিলাম এ বিবেচনায় যে সরকার আমাদের দ্বারা উন্মোচিত উচ্চপর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেবে। সুশাসন ও উন্নয়নের ক্ষেত্রে এসব হুমকির ব্যাপারে পদক্ষেপ গ্রহণে জোর না দেওয়া বিশ্বব্যাংকের জন্য দায়িত্বহীনতার পরিচয় হবে।বিকল্প টার্ন-কি পন্থায় অগ্রসর হওয়ার জন্য আমরা নিম্নোক্ত পদক্ষেপসমূহ প্রস্তাব করেছিলাম: (১) যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের ছুটি প্রদান, (২) এই অভিযোগ তদন্তের জন্য দুদকের অধীনে একটি বিশেষ তদন্ত দল নিয়োগ এবং (৩) আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিশ্বব্যাংকের নিয়োগকৃত একটি প্যানেলের কাছে তদন্তসংশ্লিষ্ট সব তথ্যের পূর্ণ ও পর্যাপ্ত প্রবেশাধিকারে সরকারের সম্মতি প্রদান, যাতে এই প্যানেল তদন্তের অগ্রগতি, ব্যাপকতা ও সুষ্ঠুতার ব্যাপারে উন্নয়ন সহযোগীদের নির্দেশনা দিতে পারে। আমরা সরকার ও দুদকের সঙ্গে ব্যাপক ও গভীরভাবে কাজ করেছি এটি নিশ্চিত করতে যে অনুরোধকৃত সব পদক্ষেপে সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব আইন ও বিধিবিধানের আওতায় থাকে।আমরা প্রস্তাব দিয়েছিলাম, প্রথমবার দরপত্র আহ্বান করা হলে বিশ্বব্যাংক ও অন্য উন্নয়ন সহযোগীরা প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে প্রকল্প অর্থায়নের ব্যাপারে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেবে, যদি পূর্ণ ও সুষ্ঠু তদন্ত চলছে এবং যথাযথ অগ্রগতি হচ্ছে, তা প্রতীয়মান হয়।বাড়তি প্রয়াস হিসেবে, আমরা বিশ্বব্যাংকের অবস্থান ব্যাখ্যা করা এবং সরকারের জবাব জানার জন্য ঢাকায় একটি উচ্চপর্যায়ের দল পাঠিয়েছিলাম। কিন্তু সরকারের প্রতিক্রিয়া বা জবাব সন্তোষজনক ছিল না।বিশ্বব্যাংক দুর্নীতির ঘটনায় চোখ বুজে থাকতে পারে না, তা উচিত নয় এবং থাকবেও না। আমাদের শেয়ারহোল্ডার ও আইডিএ দাতাদেশগুলোর প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতা এবং সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনাসংক্রান্ত দায়িত্ব রয়েছে। এটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব যে আইডিএ সম্পদ কাঙ্ক্ষিত লক্ষ্যে ব্যবহূত হচ্ছে এবং কেবল তখনই একটি প্রকল্পে আমরা অর্থায়ন করব, যখন আমরা যথেষ্ট নিশ্চয়তা পাব যে প্রকল্পটি পরিষ্কার ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে। বাংলাদেশ সরকার থেকে পর্যাপ্ত বা ইতিবাচক সাড়া না মেলায় বিশ্বব্যাংক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সহায়তায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।