দুর্নীতির অভিযোগে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণার প্রস্তাব
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে সম্প্রতি কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আত্মীয়করণ ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবিতে স্থানীয় বহিরাগতদের নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ ও ছাত্র মৈত্রীর নেতা-কর্মীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাঁদের সাধারণ সভায় উপাচার্য ও সহ-উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণার প্রস্তাব করেছে। আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রগতিশীল ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে এই মানববন্ধন করা হয়।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে প্রগতিশীল ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে স্থানীয় লোকজনকে নিয়ে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ ও ছাত্র মৈত্রীর নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ হাসান লেলিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুজ্জামান পটলা, ছাত্রলীগের নেতা আশিকুর রহমান জাপান, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি ইউনুস আলী প্রমুখ। এ সময় সাইফুজ্জামান পটলা উপাচার্যের পদত্যাগ দাবি করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে অতি সত্বর সচল করতে হবে, নইলে উপাচার্যকে টেনেহিঁচড়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে।’ একই কথা বলেন ইউনুস আলী।এদিকে আজ সকাল ১০টায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এক সাধারণ সভার আয়োজন করে। শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলীর সভাপতিত্বে এ সভায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ দাবি এবং তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রস্তাব করা হয়। এ সময় উপস্থিত সব শিক্ষক এ প্রস্তাবকে সমর্থন করে অভিযুক্তদের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রস্তাব সমর্থন করার বিষয়টি নিশ্চিত করেছেন।