দুর্নীতির অভিযোগে দুদকের দুই কনস্টেবল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া নোটিশ পাঠিয়ে মানুষকে হয়রানীর অভিযোগে আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—দুদকের কনস্টেবল ফারুক আহমেদ ও কনস্টেবল খসরু জাহান। আজ সন্ধ্যায় দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে এদের দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।রমনা থানা পুলিশ জানায়, মামলায় অভিযোগ করা হয়েছে ঢাকা বিভাগের কনস্টেবল ফারুক একটি মামলা তদন্ত করছিলেন। গত কয়েকদিন ধরে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আজ সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তার ব্যাগ তল্লাসি করে একটি ভুয়া নোটিশ পাওয়া যায়। যাতে এক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানিয়ে তাকে দুদক কার্যালয়ে আসতে বলা হয়েছে। নোটিশটিতে একজন ভুয়া কর্মকর্তার নামে স্বাক্ষর করা হয়েছে।পরে জানা যায়, দুদক প্রধান কার্যালয়ে কর্মরত কনস্টেবল খসরু তাকে এ কাজে সাহায্য করতো। তারা বেশ কিছুদিন ধরেই এভাবে মানুষকে হয়রানী করে অর্থ উপার্জন করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। আজ বিকেলে তাদের পুলিশের হাতে তুলে দেয় দুদক। গ্রেপ্তারকৃতরা রমনা থানা হেফাজতে রয়েছে।