দুর্নীতির অভিযোগে স্থগিত হওয়া নিয়োগপ্রক্রিয়া শুরুর সুপারিশ
দুর্নীতির অভিযোগে স্থগিত হওয়া গোপালগঞ্জ সদর হাসপাতালের নিয়োগপ্রক্রিয়া পুনরায় শুরু করার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এক বছর ধরে জনবলের অভাবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় কমিটি এই সুপারিশ করে।আজ রোববার সংসদ ভবনে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, ‘গোপালগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের অধীন সদর হাসপাতালে জনবল নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এটা সত্য। আমাদের কমিটিই দুর্নীতি তদন্তের জন্য সুপারিশ করেছিল। এতে স্বাস্থ্য মন্ত্রণালয় ওই নিয়োগপ্রক্রিয়া স্থগিত করে। যে কারণে এক বছর ধরে ২৫০ শয্যার হাসপাতালটিতে জনবল নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এতে স্থানীয় মানুষ স্বাস্থ্যসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাই কমিটি নিয়োগপ্রক্রিয়ার ওপর মন্ত্রণালয়ের স্থগিতাদেশ তুলে নেওয়ার সুপারিশ করেছে।’শেখ সেলিম আরও বলেন, দুর্নীতি হলেও যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মৌখিক পরীক্ষা নিয়ে ফল ঘোষণার সুপারিশ করা হয়েছে।’শেখ সেলিম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চিকিত্সকদের পদোন্নতির ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম হয়েছে। সে জন্য বৈষম্যের কারণে যাঁরা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, কমিটি তাঁদের দ্রুত পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে।শেখ সেলিমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, নাজমুল হাসান, মো. মুরাদ হাসান প্রমুখ।