দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত পিছিয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে প্রচুর টাকা লুটপাট হয়েছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। এতে বিদ্যুৎ খাত মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার এই খাতের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে সরকারি খাতে ১২০ মেগাওয়াট ক্ষমতার নতুন একটি গ্যাসভিত্তিক পিকিং (সর্বোচ্চ চাহিদার সময় চালানোর জন্য স্থাপিত) ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এ কথা বলেন। গতকাল রোববার সকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে নতুন এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।শেখ হাসিনা বলেন, বর্তমানে দেশে মাত্র ৪৭ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে। এই হার শতভাগে উন্নীত করে ২০২১ সালের মধ্যে আমরা প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী বলেন, চারদলীয় জোট সরকার পাঁচ বছরে এক মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারেনি। আমরা দায়িত্ব নেওয়ার পর মাত্র এক বছরে বিদ্যুৎ উৎপাদন এক হাজার ৩১ মেগাওয়াট বেড়েছে। বিদ্যমান গ্যাসের সংকট বিবেচনায় নিয়ে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় দেশের আটটি স্থানে তেলভিত্তিক ৫৩০ মেগাওয়াট ক্ষমতার ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু করা হয়েছে। আরও ৮৩০ মেগাওয়াট ক্ষমতার পিকিং বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। এ ছাড়া, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজও এগ্রিয়ে চলেছে।২০০৫ সালের পর এই প্রথম সরকারি খাতে নতুন কোনো বিদ্যুৎ উৎপাদন ইউনিট চালু হলো। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সরকারি খাতের কোম্পানি ইজিসিবি ২৪০ মেগাওয়াট ক্ষমতার দুটি আলাদা ইউনিট স্থাপনের এই প্রকল্প বাস্তবায়ন করছে। এর একটি গতকাল উদ্বোধন করা হলো, অন্য ইউনিটটিও অগামী মাসে চালু হবে।এ দুটি ইউনিট নির্মাণের কাজ করছে ‘ভারত হেভি ইলেকট্রিক কোম্পানি লিমিটেড (ভেল)’। ২০০৭ সালের ৩১ জানুয়ারি এ ব্যাপারে তাদের সঙ্গে চুক্তি হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘জোট সরকারের আমলে যেমন লুটপাট হয়েছে, তেমনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতিবিরোধী অভিযানের নামে ভয়ভীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। অনেক সচিব এখনো ফাইলে সই করতে গিয়ে মামলার ভয় পাচ্ছেন। আমি বলেছি, জনগণের জন্য কাজ করতে গিয়ে জেল খাটতেও আমার কোনো আপত্তি নেই।’নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগব্যবস্থার আমূল উন্নতি সাধিত হবে। এলিভেটেড এক্সপ্রেস, কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হবে। নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হবে। সিদ্ধিরগঞ্জে ডিএনডি বাঁধ এলাকায় জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হবে। সোনারগাঁয়ে জ্যোতি বসুর বাড়িতে লাইব্রেরি নির্মাণসহ পর্যটনকেন্দ্র স্থাপন এবং লোক ও কারুশিল্প ফাউন্ডশনের উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে। আদমজী পাটকলের ২ নম্বর মিলটি আবার চালু করা যায় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর অফিসে সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে। শিল্পপতিদেরও সৌরশক্তি ব্যবহারে এগিয়ে আসা উচিত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘আমরা বিদ্যুৎ খাতে এরই মধ্যে সুফল পেতে শুরু করেছি। তবে গ্যাসের ওপর নির্ভরশীলতা কাটানো জরুরি। গ্যাসের অপচয় রোধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।’বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি ক্ষমতায় এসে বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছে। কারণ তারা জানে, এই খাতকে ধ্বংস করলে দেশ এগোতে পারবে না।স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার জোট সরকারের আমলে বন্ধ করা আদমজী পাটকলের ২ নম্বর মিলটি চালু করার দাবি জানিয়ে বলেন, এটি চালু হলে পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হবে।বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর পল জে হেইটেন্স অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক এ মর্তুজা আলী।