দুর্নীতির কারণেই বিদ্যুৎ খাত পিছিয়ে পড়েছে: প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ১২০ মেগাওয়াট ক্ষমতার নতুন একটি গ্যাসভিত্তিক পিকিং ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত সরকারের আমলে অনিয়ম-দুর্নীতির কারণে দেশে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়নি। ফলে চাহিদার তুলনায় বিদ্যুৎ উত্পাদন মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে।আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে নতুন এই ইউনিটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ, পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির প্রমুখ বক্তব্য রাখেন।২০০৫ সালের পর এই প্রথম সরকারি খাতে নতুন কোনো বিদ্যুত্ উত্পাদন ইউনিট চালু হলো। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সরকারি খাতের ‘ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি)’ ২৪০ মেগাওয়াট ক্ষমতার দুটি আলাদা ইউনিট স্থাপনের প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর একটি আজ উদ্বোধন করা হলো। অন্য ইউনিট আগামী (মার্চ ২০১০) মাসে চালু হবে।এই দুটি ইউনিট নির্মাণের কাজ করেছে ‘ভারত হেভি ইলেকট্রিক কোম্পানি লিমিটেড (ভেল)’। ইউনিট দুটির টারবাইন, জেনারেটর, গ্যাস বুস্টার, কারেন্ট ট্রান্সফরমার, কন্ট্রোল সিস্টেম প্রভৃতি প্রধান প্রধান যন্ত্রপাতিও ভেলের বিভিন্ন কারখানায় তৈরি। ইউনিট দুটি স্থাপনে মোট ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা। ভেল এর আগে বাঘাবাড়ীতে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট স্থাপন করেছে, যেটি প্রায় ১২ বছর ধরে ত্রুটিমুক্তভাবে চলছে।ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে গত বছরের নভেম্বর মাসে। আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এটি চালাতে প্রায় ১২ লাখ ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। দ্বিতীয় ইউনিটটি চালু হলে গ্যাসের চাহিদাও দ্বিগুণ হবে। কিন্তু গ্যাস সংকটের কারণে এই পরিমাণ গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে সন্দেহ আছে।