দুর্নীতির গ্লাস লাগিয়ে দিন বদল দেখা যাবে না: মতিয়া চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া দেশে সাধারণ মানুষের আস্থা রাখতে পারছেন না। এ জন্য এখন বিদেশে এসে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তাতে কোনো কাজ হবে না। তাদের পায়ের নিচে মাটি নেই। এ জন্য এখন বিনা কারণে হরতাল দিয়ে জনগণকে জিম্মি করতে চাচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে, ক্ষমতায় যাওয়া।গতকাল বুধবার নিউইয়র্ক নগরের জ্যামাইকাতে যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।কৃষিমন্ত্রী আরও বলেন, দুর্নীতির গ্লাস লাগিয়ে দিন বদল দেখা যাবে না। এ জন্য প্রয়োজন স্বচ্ছতা। যা বিএনপির রাজনীতিতে নেই। বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবেও নিজের অসততা প্রমাণ করেছেন। একজন সাবেক প্রধানমন্ত্রী যখন কালো টাকা সাদা করেন, তখন বুঝতে হবে দুর্নীতির কোন পর্যায়ে ছিল।মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা বলেছিলাম চালের বাজার দাম থেকে কেজিপ্রতি ১০ টাকা কমাব। সরকার সেই প্রতিশ্রুতি পালনে সক্ষম হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় চালের দাম ছিল প্রায় ৪৫ টাকা। এখন সেটা ৩২ টাকায় নামিয়ে আনা হয়েছে। অথচ বিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে বলছে আমরা নাকি ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম।’ তিনি বলেন, শুধু চালের দাম নয়, সারের দাম থেকে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম আওয়ামী লীগের সময় কমেছে। জিনিসের দাম একটু বাড়লেই বিভিন্ন সংবাদপত্র হইচই ফেলে দেয়। কিন্তু এটা যখন কমানো হয় তখন তারা কোনো কথা বলে না। এতেই প্রমাণিত হয় আওয়ামী লীগের বিরুদ্ধে সিন্ডিকেট করে প্রচারণা চলছে।মতিয়া চৌধুরী বলেন, বিএনপি শুধু ভারত বিরোধিতার কথা বলে। অথচ তাদের সময় ভারত সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ডানে নিজামী আর বাঁয়ে আমিনীকে বসিয়ে দুর্নীতিকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়েছিলেন। ইসলামের নামে তাঁরা অস্থির। অথচ হজ নিয়েও সে সময় তাঁরা কেলেঙ্কারি করেছেন। আর আমাদের সময় বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ ৯৩ হাজার হাজি সৌদি আরবে পাঠানো হয়েছে। কিন্তু কেউ কোন কেলেঙ্কারির কথা বলতে পারবে না। এটাই জননেত্রী শেখ হাসিনার সাফল্য।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মিছাবাহ আহমদ।