দুর্নীতির জালে বন্দী বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রায় প্রতিটি লেনদেনে কোনো না কোনোভাবে দুর্নীতির ছাপ রয়েছে। যদিও আনুষ্ঠানিক প্রক্রিয়ায় এসব দুর্নীতির প্রমাণ করা যাবে না। তবে সবাই জানেন, ঘুষ না দিয়ে বাংলাদেশে কোনো কাজ করা যায় না। বাংলাদেশে কেউ কোনো চুক্তিতে আগ্রহী হলে তাকে ধরেই নিতে হয় যে চুক্তির একটা ভাগ অন্যদেরও দিতে হবে। চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বিষয়টি সবারই মাথায় রাখতে হয়। অন্যথায় কেউ চুক্তিতে পৌঁছাতে পারবে না। এই পর্যালোচনা বাংলাদেশে বিশ্বব্যাংকের একসময়ের কান্ট্রি ডিরেক্টর পিয়েরে লেন্ডল মিলসের। তিনি বাংলাদেশে ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছিলেন।ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক কমিটি বাংলাদেশে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) কার্যক্রম নিয়ে অনুসন্ধান করছে গত বছরের জুলাই থেকে। এই কমিটির চেয়ারম্যান ব্রিটিশ লিবারেল ডেমোক্র্যাটস পার্টির সাংসদ ম্যালকম ব্রুস। এ বছরের মার্চে তাদের নানা অনুসন্ধান ও সাক্ষীদের বক্তব্য নিয়ে হাউস অব কমন্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই কমিটির সামনে গত ডিসেম্বরে বাংলাদেশের শাসনব্যবস্থা, দুর্নীতি ও উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে তাঁর পর্যালোচনা তুলে ধরেন পিয়েরে লেন্ডল মিলস।যমুনা সেতু নির্মাণের উদাহরণ টেনে লেন্ডল বলেন, এ সময় দুর্নীতি ঠেকানোর জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সবাই জানে, বিকল্প উপায়ে নানা ধরনের লেনদেন হয়েছে। আনুষ্ঠানিকভাবে হয়তো মনে হবে, কোনো দুর্নীতি হয়নি। কেননা, তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই কাজ পেতে হয়েছে। প্রত্যাশা অনুযায়ীই চুক্তি হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আগ্রহী সবাই চুক্তিতে পৌঁছাতে যে যার মতো চেষ্টা করেছে।দুর্নীতির একটি উদাহরণ দিতে গিয়ে লেন্ডল বলেন, যখন তিনি বাংলাদেশে ছিলেন, তখন একজন মন্ত্রী আঞ্চলিক প্রকৌশলী পরিচালক পদে নিয়োগ বাবদ প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তবে ওই মন্ত্রী এই অর্থের মাত্র একটা অংশ পেয়েছেন। বাকিটা পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যয় করতে হয়েছে। তার হিসাবে সরকারের সব চুক্তিতে বা কাজে ঘুষের কারণে ক্ষতি হয় ১৫ থেকে ৩০ শতাংশ অর্থ।কীভাবে বাংলাদেশে দুর্নীতি কমবে, এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, দুর্নীতি হবেই। এটা একটা চলমান যুদ্ধ। এটা সততার জন্য যুদ্ধ। তাঁর মতে, একটা গ্রহণযোগ্য পর্যায়ের দক্ষতা ও সততাসম্পন্ন পদ্ধতি চালু করাটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতিবাজ ব্যক্তির ক্ষতি হয়, এমন পদক্ষেপ নেওয়া গেলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। যদিও এর পরও তারা অন্য উপায়ে দুর্নীতি করার সুযোগ খুঁজবে।লেন্ডল বলেন, ব্যক্তিগত পর্যায়ে কেউ দুর্নীতি করলে গুটিকয়েক ব্যক্তি লাভবান হয়, কিন্তু বিশালসংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হয়। তাই দুর্নীতি রোধে ক্ষতিগ্রস্ত লোকজনকে একত্র করে গুটিকয় দুর্নীতিবাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যেতে পারে। এটা করতে পারলে অগ্রগতি অর্জন করা সম্ভব।শাসনব্যবস্থায় ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে বিশ্বব্যাংকের সাবেক কান্ট্রি ডিরেক্টরের বিশ্লেষণ হচ্ছে, শাসনব্যবস্থা সংস্কারে ব্যবসায়ীরা শক্তিশালী ভূমিকা রাখতে পারে। তবে কথা হলো, সব ব্যবসায়ীই প্রচলিত রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে সম্পৃক্ত। এ কারণে বাংলাদেশের সরকারব্যবস্থায় সংস্কার দীর্ঘ সময়ের ব্যাপার। ধরুন, একজন ব্যবসায়ীর কাস্টমস ছাড়পত্র দরকার। কাউকে উৎকোচ দিয়ে তিনি সহজেই এ ছাড়পত্র পেতে পারেন। তাই কাস্টমস ব্যবস্থায় সংস্কার করা ছাড়পত্র পাওয়ার চেয়ে অনেক কঠিন কাজ। এ থেকে উত্তরণে ব্যবসায়ীদের স্বল্প ও দীর্ঘমেয়াদি স্বার্থের মধ্যে কিছু সমঝোতা আনা যেতে পারে। কিন্তু ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি স্বার্থ কীভাবে পূরণ করা যায়, সেটা হলো বিষয়।পিয়েরে লেন্ডল মিলসের এসব বক্তব্য ও মন্তব্যের ভিত্তি সম্পর্কে জানতে চেয়ে ই-মেইল করা হয় প্রথম আলো থেকে। জবাবে তিনি জানান, ‘আমার বক্তব্যের ভিত্তি হচ্ছে, দীর্ঘ সময় বাংলাদেশে আমার অবস্থান এবং এ সময়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যে আলাপ-আলোচনা হয়েছে তার ফলাফল।’মিলসের এ বক্তব্য নিয়ে যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডির কান্ট্রি অফিসে যোগাযোগ করা হয়। তারাও মিলসের বক্তব্য অনেকটাই সমর্থন করে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সব প্রাসঙ্গিক সূচকই নির্দেশ করে, বাংলাদেশে দুর্নীতির বিষয়টি এখনো বড়। এ ব্যাপারে সহযোগিতা করতে যুক্তরাজ্য প্রস্তুত। যদি বাংলাদেশে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে এবং জনগণের মধ্যে শাসনব্যবস্থা ও রাজনৈতিক নেতাদের কাছে প্রত্যাশা বাড়ে, তাহলেই দুর্নীতির ক্ষেত্রগুলো ছোট হয়ে আসবে।বাংলাদেশের অর্থনীতি নিয়ে লেন্ডল মিলস বলেন, বাংলাদেশের অর্থনীতি সব সময়ই বিস্ময়ের। ঘুরে দাঁড়ানোর শক্তি রয়েছে তার। চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটি সব সময় নতুন কিছু করে আসছে। দীর্ঘদিন ধরে চার অথবা পাঁচ শতাংশ হারে উৎপাদন বাড়ছে দেশটির। জন্মহার কমার পাশাপাশি মাথাপিছু আয়ও তিন দশমিক পাঁচ শতাংশের ওপর বেড়েছে; যা কিনা দরিদ্র দেশগুলোর যে হারে মাথাপিছু আয় বাড়ার কথা, তার চেয়ে অনেক বেশি। তাই যে কারও এই বিশ্বাস রাখাটা উচিত যে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার সামর্থ্য রয়েছে।বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ নিয়ে বিশ্বব্যাংকের সাবেক কান্ট্রি ডিরেক্টরের পর্যবেক্ষণ হচ্ছে, মানুষকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। স্বাধীনতার পর বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এই সফলতা এসেছে অনেকটা অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণেই। অর্থনৈতিক প্রবৃদ্ধি চার অথবা পাঁচ থেকে ছয় বা সাত অথবা আট শতাংশ বৃদ্ধি করা গেলে এবং একই সঙ্গে দক্ষ ব্যবস্থাপনা সৃষ্টি করা গেলে বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। বর্তমান অবস্থা থেকে দুই অথবা তিন শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা গেলে ১০-১৫ বছরের ব্যবধানে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।বাংলাদেশের উন্নয়ন-সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি হাউস অব কমন্সকে বলেন, ‘বাংলাদেশে অনেক ভালো প্রকল্প চালু হয়েছে ঠিকই, কিন্তু দুর্বল সরকারব্যবস্থার কারণে ১০ বছর পরই প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়।’চট্টগ্রাম বন্দরের অকার্যকারিতা ও বিদ্যুৎসংকট নিয়ে কথা বলতে গিয়ে লেন্ডল মিলস বলেন, ‘এগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনায় তাগিদ দেওয়া হয়নি। কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব। দেশের সমস্যা হলো ব্যবস্থাপনা ও সরকারব্যবস্থায়। আসলে বাংলাদেশের কোনো সমস্যা নিয়ে কথা বলতে গেলে আমাদের ঘুরেফিরে সরকারব্যবস্থা নিয়েই কথা বলতে হয়।’প্রসঙ্গত, পিয়েরে লেন্ডল মিলস বর্তমানে পার্টনারশিপ ফর দ্য ট্রানপারেন্সি ফান্ডের প্রেসিডেন্ট। নব্বইয়ের দশকে প্রায় পাঁচ বছর কান্ট্রিপ্রধান হিসেবে বাংলাদেশে অবস্থান করেছিলেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক ছেড়ে দিলেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সুশাসন নিয়ে কাজ করে চলেছেন। বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর ২০০০ ও ২০০২ সালে দুই দফা তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশি গবেষকদের সঙ্গে তাঁর রয়েছে নিয়মিত যোগাযোগ।