দুর্নীতির টাকায় কেনা গাড়িতে ‘রোড শো’ হচ্ছে: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি রোডমার্চের নামে দুর্নীতির টাকায় কেনা গাড়ি দিয়ে ‘রোড শো’ করছে। এসব গাড়ির নম্বর নেওয়া হচ্ছে। কারা কীভাবে এসব গাড়ি কিনেছে, তা খতিয়ে দেখা হবে।গতকাল বুধবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রামে সরকারি জসিম উদ্দীন কাজী আবদুল গণি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি ঘরে ঘরে আগুন লাগানোর হুমকি দিয়েছেন। কিন্তু আমরা ঘরে ঘরে আগুন লাগাতে দেব না।’গতকাল বেলা ১১টায় ঢাকা থেকে সৈয়দপুর হয়ে হেলিকপ্টারে পাটগ্রামের দহগ্রাম ছিটমহলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনবিঘা করিডরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী গোলাম নবী আজাদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিতেন্দ্র প্রসাদ সিং। গত ৮ সেপ্টেম্বর থেকে এই করিডোর ২৪ ঘণ্টার জন্য চালু হলে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল কার্যত বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়। প্রধানমন্ত্রী প্রথমে দহগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও দহগ্রাম ১০ শয্যার হাসপাতাল উদ্বোধন করেন। এরপর দহগ্রাম-আঙ্গরপোতায় ভারতের সহযোগিতায় নির্মিত বিদ্যুৎ-সংযোগ লাইনের উদ্বোধন করেন। দহগ্রাম হাইস্কুল মাঠেও সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন। পাটগ্রামের জনসভায় ২৮ মিনিট বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। এ সময় খালেদা জিয়ার সাম্প্রতিক কিছু বক্তব্যের পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন। দীর্ঘ ১৬ বছর পর প্রধানমন্ত্রী পাটগ্রাম সফরে এসে স্থানীয় কলেজে স্নাতক কোর্স চালু, বুড়িমারী থেকে লালমনিরহাটের রেললাইন সংস্কার ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে লালমনিরহাট জেলাকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন। জনতা হর্ষধ্বনি দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানায়। গতকাল বেলা তিনটায় জনসভা শুরুর ঘণ্টা দু-এক আগেই কানায় কানায় ভরে যায় কলেজের মাঠটি। আয়োজকদের দাবিমতে, বিভিন্ন বয়সের প্রায় ৭০ হাজার নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে রোদ উপেক্ষা করে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে মাঠে অপেক্ষা করে।পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান। জনসভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, ‘বিএনপির নেত্রী আন্দোলনের নামে গাড়ির শোভাযাত্রা করছেন। রোড শো ও কারর্যালি করছেন। রোডমার্চে যেসব দামি গাড়ি অংশ নিচ্ছে, তা দেখে বোঝা যায়, দুর্নীতির টাকায় এসব কেনা হয়েছে। এসব গাড়ির নম্বর সংগ্রহ করা হচ্ছে। কারা, কীভাবে এসব গাড়ি কিনেছে, তা আমরা দেখবো।’খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘যাঁদের কাজ দুর্নীতি করা আর কালোটাকা সাদা করা, দুর্নীতি করতে পারছেন না বলে তাঁরা আফসোসে মরে যাচ্ছেন।’পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন স্থগিত করেছে। বিএনপির আমলে যোগাযোগমন্ত্রীর দুর্নীতির দুটি কাগজ বিশ্বব্যাংকের কাছে গেছে। তার পরই তারা অর্থায়ন স্থগিত করে।’শেখ হাসিনা বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) ছেলেরা যে দুর্নীতি করেছিল, সেটা আমেরিকা ও সিঙ্গাপুরে প্রমাণিত হয়েছে। কথায় বলে, চোরের মায়ের বড় গলা। ওনার সে বড় গলাই এখন শোনা যাচ্ছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের স্বাধীনতার প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি তাঁর কোনো ভালোবাসা নেই। কারণ, দুর্নীতি তাঁর নীতি। সন্ত্রাস ও জঙ্গিবাদ তাঁর কাজ। কিন্তু এটি আর হতে দেওয়া হবে না।’শেখ হাসিনা বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে সুরুজ, সোহেল, ফেলু শেখসহ নৃশংসভাবে খুন হওয়া আওয়ামী লীগের নেতাদের হত্যা মামলা পুনরুজ্জীবিত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে খাদ্য উৎপাদন বাড়ে, মঙ্গা থাকে না। ফলে দেশের মানুষ পেট ভরে খেয়ে শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু দেশের মানুষের শান্তি দেখলে উনার মনে অশান্তির আগুন জ্বলে। তাই তিনি ঘরে ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন।’প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে সতর্ক করে দিয়ে বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দেশের মানুষ যাতে শান্তিতে খেয়ে-পরে থাকতে পারে, সে জন্য কাজ করে যাবে। মানুষের শান্তি নষ্ট হতে দেবে না। ঘরে ঘরে আগুন লাগাতে দেবে না।সম্প্রতি প্রধানমন্ত্রীর ধর্ম নিয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছিলেন, তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমার ধর্ম নিয়ে কটাক্ষ করা হয়। কিন্তু আমার পূর্বপুরুষের ইতিহাস আছে। আমার চৌদ্দ পুরুষের নাম আমার জানা আছে। তিনি (খালেদা জিয়া) কি তাঁদের নাম বলতে পারবেন? তিনি কি বলতে পারবেন, জিয়াউর রহমানের বাবার কবর কোথায়?’বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ায় তিনবিঘা করিডর ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে ৬৪ বছরের পুরোনো সমস্যার সমাধান হলো। সেখানকার মানুষ বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে। এটি আমাদের জন্য একটি অর্জন। ছিটমহল বিনিময় ও তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়গুলোও আমরা খুব শিগগির সমাধান করব।’মঞ্চে থাকা হুসেইন মুহম্মদ এরশাদকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের ছেলে ক্ষমতায় থাকতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে রংপুরকে বিভাগ করেছে, সেটি নিশ্চয়ই আপনাদের জানা আছে।’বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ করে মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবেন না, এটা তো হয় না। রাজনীতি করতে হলে নির্বাচন ছাড়া পথ নেই। তাই নির্বাচনে আসুন, দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংসদে বিল আনুন।’এরশাদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। মানুষ কিন্তু সুখে-শান্তিতে থাকতে চায়। সংঘাত দেখতে চায় না।’