দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তাঁরা কিছু তথ্য পেতে শুরু করেছেন। এসব তথ্যে সুস্পষ্ট কোনো প্রমাণ না থাকলেও এখানে স্বার্থের সংঘাতের মতো কোনো বিষয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার তিনি বিবিসিকে এ কথা বলেন।গোলাম রহমান বলেন, ‘বিশ্বব্যাংক থেকে দুটি দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। একটি দুর্নীতি হলো পরামর্শক নিয়োগে। এ ব্যাপারে বিশ্বব্যাংক কানাডিয়ান পুলিশকে অনুসন্ধানের জন্য অনুরোধ করে। এটা পত্রপত্রিকায় দেখার পর আমরা এর অনুসন্ধান করার সিদ্ধান্ত নিই। এ নিয়ে আমরা বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করছি। এখনো আমরা বিস্তারিত তথ্য পাইনি।’দ্বিতীয় অভিযোগটি সম্পর্কে বিশ্বব্যাংক আমাদের অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছে। চিঠির একটি কপি দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে। এখানে অভিযোগ করা হয়েছে, যেসব প্রতিষ্ঠান পদ্মা মূল সেতুর জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের একটি কোম্পানি যোগাযোগ করে বলেছে, তারা যদি স্থানীয় এজেন্ট হিসেবে তাদের নিয়োগ করে, তাহলে তাদের কাজটা পেতে সুবিধা হবে। এখানে যোগাযোগমন্ত্রীর সম্পৃক্ততার কথা বলা হয়েছে।গোলাম রহমান বলেন, ‘পরামর্শক নিয়োগের ব্যাপারে আমরা আলাদা করে ওয়াশিংটনে চিঠি লিখেছি। তবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য-উপাত্ত পাইনি। আমরা যে তথ্য পেয়েছি, তা পর্যাপ্ত নয়।’বিশ্বব্যাংকের কাছ থেকে যে জবাব পেয়েছেন বা অর্থমন্ত্রীর কাছে যে চিঠি দেওয়া হয়েছে, যেটা আপনাদের হাতে এসেছে, সেখান থেকে আপনাদের কী ধারণা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, এখানে একটা স্বার্থগত দ্বন্দ্বের কোনো পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা পরীক্ষা করে দেখব, এখানে ক্ষমতার কোনো অপব্যবহার করা হয়েছে কি না। যদি তা-ই হয়ে থাকে, তাহলে বাংলাদেশের আইনেই এটা একটা শাস্তিযোগ্য অপরাধ হবে।’আপনারা কি আরও তথ্য-প্রমাণ চাইছেন বিশ্বব্যাংকের কাছে বা আরও তথ্যের জন্য অপেক্ষা করছেন, এমন প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান বলেন, ‘পরামর্শকের ক্ষেত্রে অভিযোগটা কী, সেটা আমরা জানতে চেয়েছি। কিন্তু আমাদের নিজেদের অনুসন্ধানের দ্বারা সেটা প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বব্যাংক যা বলছে, সেটা তো আর প্রমাণ নয়, একটা অভিযোগ।’