দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে আন্তর্জাতিক দল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে পরিচালিত তদন্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতে তিন সদস্যের একটি আন্তর্জাতিক দল গঠন করেছে বিশ্বব্যাংক। এই দলের প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান আইনজীবী লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পো।দলের অন্য দুই সদস্য হলেন হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের সিরিয়াস ফ্রড অফিসের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।গত শুক্রবার ওয়াশিংটন থেকে পাঠানো এক বিবৃতিতে এই তদন্ত দল গঠনের ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বিশ্বব্যাংক বলেছে, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং বিশ্বব্যাংকের দেওয়া চার শর্ত পূরণের ব্যাপারে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এই আন্তর্জাতিক তদন্ত দল ঘোষণা করা হয়েছে।বিবৃতিতে আবারও বলা হয়েছে, চার শর্তের সন্তোষজনক বাস্তবায়ন এবং মোরেনো ওকাম্পোর এই দলটির ইতিবাচক প্রতিবেদন পেলেই বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে এগিয়ে আসবে।অর্থাৎ এই দলটি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালিত তদন্ত কার্যক্রম দেখভাল এবং পর্যালোচনা করে বিশ্বব্যাংকের কাছে এর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রতিবেদন দেবে। তাদের প্রতিবেদনের ওপরই পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ১২০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তা নির্ভর করছে। যে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তি। অত্যন্ত শক্তিশালী এই দলটির সঙ্গেই কাজ করতে হবে দুদককে। বাংলাদেশের ইতিহাসে আর কখনো দুর্নীতির তদন্ত তদারক করতে এভাবে আন্তর্জাতিক দল তৈরি করতে হয়নি।গতকালের বিবৃতিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘এই তদন্ত দলের পর্যবেক্ষণ বাংলাদেশের জনগণের জন্য একটি বড় সুযোগ, যা তদন্তে স্বচ্ছতা, দায়িত্বশীলতার অন্তরায়গুলো দূর করবে।’ তিনি আরও বলেন, এই তদন্ত দল সম্পর্কে ইতিমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে এবং দুদকের পরিচালিত তদন্ত কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুচারুভাবে সম্পন্ন হয়েছে কি না, তা খতিয়ে দেখার বিষয়টি সরকারের সহযোগিতার ওপর নির্ভর করছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই আন্তর্জাতিক দলকে স্বাগত জানিয়ে তাদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে শিল্পকলা একাডেমীতে বিশ্বব্যাংক আয়োজিত একটি আঞ্চলিক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘এটা খুবই ভালো। আমাদের দুদকও তদন্ত করছে। এর মধ্য দিয়ে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, এই প্যানেল একদিকে যেমন সুযোগ করে দিয়েছে, আরেক দিকে চ্যালেঞ্জও আছে। সুযোগ হলো, দুদকের তদন্ত নিয়ে যে বিশ্বাসের ঘাটতি আছে, সেটা দূর করার। তদন্ত যদি তারা পেশাদারি ও গ্রহণযোগ্যভাবে করতে পারে, তা হলে তাদের সম্পর্কে বিশ্বাসের যে ঘাটতি রয়েছে, সেটি দূর হবে। আর দুদক নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে পারে কি না, সেটাই হবে চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জ মোকাবিলারও সুযোগ হলো। পাশাপাশি আন্তর্জাতিক মানের এই দলের সঙ্গে কাজ করে দুদকের পেশাদারি পারদর্শিতা বাড়ারও সুযোগ তৈরি হয়েছে।বিশ্বব্যাংকের এই দল গঠন বিষয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘ওরা পর্যবেক্ষক প্যানেল। এই প্যানেলের কাজ বাইরে থেকে দুদকের তদন্ত পর্যবেক্ষণ করা। এদের সঙ্গে দুদকের অনুসন্ধান ও তদন্ত-প্রক্রিয়ায় কোনো ধরনের সরাসরি সম্পৃক্ততা থাকবে না।’উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ তুলে গত বছরের সেপ্টেম্বরে ঋণচুক্তি স্থগিত করে বিশ্বব্যাংক। ঋণ পেতে চারটি শর্ত পালন না করায় গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে দাতা সংস্থাটি। এরপরে দুর্নীতির সন্দেহভাজন সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ ও প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে ছুটিতে পাঠানোর পর গত ২০ সেপ্টেম্বর পদ্মা সেতু প্রকল্পে পুনরায় সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেয় বিশ্বব্যাংক।বিশ্বব্যাংক যে চারটি শর্ত দিয়েছিল, সেটি গতকাল পাঠানো তাদের বিবৃতিতে আবারও উল্লেখ করা হয়। শর্তগুলো হচ্ছে: (ক) যেসব সরকারি কর্মকর্তা ও ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সরকারি দায়িত্ব থেকে তাঁদের ছুটিতে পাঠানো। (খ) অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি বিশেষ তদন্ত দল নিয়োগ করা। (গ) আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিশ্বব্যাংকের নিয়োগকৃত একটি প্যানেলের কাছে তদন্তসংশ্লিষ্ট সব তথ্যের পূর্ণ ও পর্যাপ্ত প্রবেশাধিকার; যাতে এই প্যানেল সুষ্ঠু তদন্ত ও এর অগ্রগতি সম্পর্কে উন্নয়ন-সহযোগীদের নির্দেশনা দিতে পারে। (ঘ) পদ্মা সেতু প্রকল্পটি বিকল্প বাস্তবায়ন পদ্ধতিতে নির্মাণের বিষয়ে একমত হওয়া, যাতে বিশ্বব্যাংক ও অন্য দাতারা প্রকল্পের ক্রয় কর্মকাণ্ড আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পায়। সুতরাং পদ্মা সেতুতে অর্থ পেতে হলে এই শর্তগুলোর সন্তোষজনক বাস্তবায়ন এবং মোরেনো ওকাম্পোর দলের কাছ থেকে ইতিবাচক প্রতিবেদন পেতে হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু তৈরিতে গত বছর বিশ্বব্যাংক ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা ও ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে ঋণচুক্তি করে বাংলাদেশ। পরিচিতি: আর্জেন্টিনার আইনজীবী লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান কৌঁসুলি। নিজের দেশের সেনাশাসকদের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনি লড়াই পরিচালনার মাধ্যমে পাদপ্রদীপের আলোতে আসেন তিনি।বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন শেষে মোরেনো ওকাম্পো আইন পেশা শুরু করেন। পাশাপাশি তিনি স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড ল স্কুলে অধ্যাপনা করেছেন। এ ছাড়া তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন। মোরেনো ওকাম্পো ২০০৩ সালে আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে নিয়োগ পাওয়ার পর কঙ্গো, উগান্ডা, সুদান, কেনিয়া, মধ্য আফ্রিকা, আইভরি কোস্ট ও লিবিয়ায় বিচার-প্রক্রিয়া শুরু করেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে তিনি ২০১১ সালে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।যুক্তরাজ্যের অভ্যন্তরীণ ও বৈদেশিক দুর্নীতি দমন সংস্থা সিরিয়াস ফ্রড অফিসের (এসএফও) সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান। এই প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সরকারের রাজস্ব ও শুল্ক শাখায় ঊর্ধ্বতন পদে কাজ করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের দুর্নীতি দমনবিষয়ক কাউন্সিল এবং দুর্নীতি দমনবিষয়ক আন্তর্জাতিক সংস্থায় অল্ডারম্যান সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুর্নীতি দমন ও অর্থনৈতিক অপরাধ বিষয়ে নিয়মিতভাবে বক্তৃতা করে থাকেন তিনি।টিমোথি এইচ এম টং হংকংয়ের স্বাধীন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার। ওই পদে যোগ দেওয়ার আগে তিনি হংকংয়ের শুল্ক শাখায় কমিশনার পদে ছিলেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন বিভাগে, বিশেষত নিরাপত্তা শাখায় কাজ করেছেন তিনি।