দুর্নীতির তদন্ত পর্যালোচনায় প্যানেল
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে দুর্নীতির ব্যাপারে বাংলাদেশের তদন্ত পর্যালোচনা করতে বিশ্বব্যাংক তদন্ত প্যানেল প্রধানের নাম ঘোষণা করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান কৌঁসুলি লুইস মরেনো ওকাম্পো তিন সদস্যের এই প্যানেলের নেতৃত্ব দেবেন। গতকাল শুক্রবার রাতে বিশ্বব্যাংক এ তথ্য জানায় বলে রয়টার্সের খবরে জানানো হয়। ওকাম্পো নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে মানবতার বিরুদ্ধে অপরাধবিষয়ক মামলা পরিচালনা করেছেন। খবরে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পে বাতিল করে দেওয়া ১২০ কোটি ডলারের অর্থায়ন পুনরায় চালুর আগে বিশ্বব্যাংক যেসব পদক্ষেপ নেবে বলে জানিয়েছিল, তদন্ত পর্যালোচনা প্যানেল গঠন তার একটি। ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের এই প্যানেল পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে বাংলাদেশের তদন্ত পর্যালোচনা করে বিশ্বব্যাংকের কাছে প্রতিবেদন দেবে। বাংলাদেশ সরকারকেও তারা একটি প্রতিবেদন দেবে। পদ্মা সেতু প্রকল্পে যুক্ত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণের দাবি জানিয়ে বিশ্বব্যাংক গত জুনে এই প্রকল্পে অর্থায়ন বাতিল করে।বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেনে, ‘স্বচ্ছতার সঙ্গে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে বিশ্বব্যাংক অঙ্গীকারবদ্ধ। এই প্যানেল স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের ওপর থেকে বাধা সরাতে বাংলাদেশের মানুষের কাছে একটি অনন্য সুযোগ সৃষ্টি করবে।’পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে গত জুলাইতে কানাডার টরেন্টোর একটি আদালতে দেশটির প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তার বিচার শুরু হয়। কানাডা এ অভিযোগের বিষয়ে গত বছর তদন্ত শুরু করেছিল। গত ২৫ সেপ্টেম্বর এক বিবৃতির মাধ্যমে বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ সরকার দুর্নীতির অভিযোগ ওঠা কর্মকর্তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ছুটিতে রাখা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা, তদন্তের সব তথ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বৈদেশিক প্যানেলকে দেওয়া, ক্রয়সংক্রান্ত প্রক্রিয়ায় পরিবর্তনের ব্যাপারে বিশ্বব্যাংকের সঙ্গে একমত হয়। বিশ্বব্যাংক জানায়, কেবল এসব বিষয়ের সন্তোষজনক বাস্তবায়ন এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের ইতিবাচক প্রতিবেদনের পরই তারা এ প্রকল্পে অর্থায়নের ব্যাপারে অগ্রসর হবে।