দুর্নীতির তদন্তে লন্ডন-রোম-দুবাই যাবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের দুর্নীতির ব্যাপারে অধিকতর তদন্তের জন্য সংসদীয় কমিটি লন্ডন, রোম ও দুবাই সফর করতে চায়। এ সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নিতে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। আজ রোববার সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈঠকে বিমানের দুর্নীতি, ক্রমাগত অবক্ষয় ও পরিত্রাণের উপায় নিয়ে গঠিত উপকমিটির তদন্ত পর্যালোচনা করা হয়। এবং আরও অধিকতর তদন্তের জন্য কমিটির লন্ডন, রোম, দুবাই সফরের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।’সংসদীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জি এম কাদের, হুইপ মুজিবুল হক, সৈয়দ মহসিন আলী, মইনুদ্দীন খান বাদল, মেজবাহউদ্দীন ফরহাদ ও শেফালী মমতাজ অংশ নেন।বৈঠকে আগামী ২০১০-২০১১ অর্থবছরের বাজেটকে সামনে রেখে কক্সবাজার পর্যটন শহরে পাঁচ তারকা ও চার তারকা হোটেলের ওপর নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ১০ শতাংশ প্রবর্তন এবং হোটেলের অন্যান্য সেবার ওপর করারোপ না করে শুধু বারের ওপর ১০ শতাংশ সম্পূরক করারোপের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। প্রয়োজনে অন্যান্য দেশের মতো সম্পূরক কর পুরোপুরি প্রত্যাহারের সুপারিশ করা হয়।