দুর্নীতির দায়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্রকে অভিশংসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতি-বিরোধী আন্দোলনে যখন উত্তাল ভারত, তখন ঐতিহাসিক এক ঘটনার সাক্ষী হয়ে রইল রাজ্য সভা। আর্থিক কেলেঙ্কারির দায়ে ভারতের আইনসভার এই উচ্চকক্ষে অভিশংসন করা হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেনকে। এখন চূড়ান্ত অনুমোদনের জন্য এই প্রস্তাব যাবে লোকসভায়।দুই দিনের বিতর্ক শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যসভায় ভোটাভুটি হয়। রাজ্যসভার ২৫০ জন সদস্যের মধ্যে ১৮৯ জন ভোটাভুটিতে অংশ নেন। এতে বিচারপতি সৌমিত্রকে অভিশংসনের পক্ষে ভোট পড়ে ১৭২টি। আর বিপক্ষে পড়ে ১৬টি। রাজ্যসভার একজন সদস্য ভোটদানে বিরত থাকেন।এর আগে গত বুধবার বিকেলে রাজ্যসভায় বিচারপতির বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন রাজ্যসভার সিপিএমের সদস্য সীতারাম ইয়েচুরি। তিনি প্রস্তাব তুলে বলেন, ভারতের বিচারব্যবস্থার ভাবমূর্তি ধরে রাখার জন্যই এ প্রস্তাব আনা হয়েছে। বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে।বিচারপতি সৌমিত্রের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি করে দেন। এ কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডির নেতৃত্বে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি মুকুল মুদগল এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ফলি এস নরিম্যান। এই তদন্ত কমিটি বিচারপতি সৌমিত্রের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পায়। এর পরই তদন্ত কমিটি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। রাজ্যসভার প্রস্তাব লোকসভায় গৃহীত হলে রাষ্ট্রপতি বিচারপতি সৌমিত্রকে অপসারণ করবেন।২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি ৫৭ জন সদস্য রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির কাছে সৌমিত্র সেনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তাঁকে অভিশংসন করার প্রস্তাব আনেন। এর পরই তিনি একটি তদন্ত কমিটি করে দেন।১৯৯০ সালে মামলাভুক্ত একটি সম্পত্তি বিক্রির জন্য আদালত থেকে রিসিভার নিয়োগ করা হয়। সেই রিসিভার হিসেবে নিয়োগ পান তৎকালীন আইনজীবী সৌমিত্র সেন। এ সময় ওই সম্পত্তির বিক্রয়লব্ধ ২৪ লাখ রুপি বেআইনিভাবে জমা পড়ে সৌমিত্রের ব্যাংক হিসাবে। সৌমিত্র সেন ২০০৩ সালের ৩ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন। এ সময় তাঁর আর্থিক কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়ে পড়লে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে ৫২ লাখ রুপি জমা দিতে বলা হয়। সৌমিত্র সেন তখন ৫২ লাখ রুপি জমা দেন। এরপর ফের অভিযোগ ওঠে, কীভাবে তিনি বাকি ২৫ লাখ রুপি পেলেন? আর এ নিয়েই সৌমিত্র সেনের বিরুদ্ধে পার্লামেন্টে অভিযোগ ওঠে। গত বছরের ফেব্রুয়ারিতে তাঁকে অভিশংসন করার দাবি ওঠে।এর আগে ২০০৮ সালের ১৬ মার্চ সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণণ বিচারপতি পদ থেকে সৌমিত্রকে পদত্যাগ করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি এ প্রস্তাবও দেন, পদত্যাগ করতে না চাইলে তিনি স্বেচ্ছায় অবসর নিতে পারেন। কিন্তু সৌমিত্র ওই একই বছর ২৬ মার্চ জানিয়ে দেন, ওই দুটি প্রস্তাবের একটিতেও তিনি রাজি নন।