দুর্নীতির দায়ে বেন আলীর ১৬ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার একটি আদালত গতকাল বৃহস্পতিবার দুর্নীতির দায়ে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী, তাঁর মেয়ে ও জামাতাকে কারাদণ্ড দিয়েছেন। দেশটির বিচার বিভাগীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, আদালত বেন আলী ও তাঁর জামাতা শাখের আল মাতেরিকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন। শাখের একজন ব্যবসায়ী। এ ছাড়া আদালত প্রত্যেককে সাত কোটি ছয় লাখ ডলার জরিমানা করেছেন। আদালত একই অভিযোগে বেন আলীর মেয়ে নাসরিনকে আট বছরের কারাদণ্ড ও তিন কোটি ৬৪ লাখ ডলার জরিমানা করেছেন। গণ-অভ্যুত্থানের মুখে গত জানুয়ারিতে বেন আলীর দীর্ঘ ২৩ বছরের শাসনের অবসান ঘটে। পরে বেন আলী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবে পালিয়ে যান। তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।