দুর্নীতির দায়ে মিসরের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির দায়ে মিসরের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ নাজিফের তিন বছরের কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাঁকে ৯০ লাখ মিসরীয় পাউন্ড জরিমানা দিতে বলা হয়েছে। দেশটির একটি আদালত এ রায় দেন। ২০০৪ সাল থেকে গত বছরের গণবিক্ষোভের সময় পর্যন্ত মিসরের প্রধানমন্ত্রী ছিলেন নাজিফ। একটি ব্যবসায়িক চুক্তিতে বেআইনি সুবিধা নেওয়ায় অভিযুক্ত হওয়ার পর ২০১১ সালে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাঁকে। বিবিসির খবরে বলা হয়, মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের সরকারে থাকা অভিযুক্ত পদস্থ কর্মকর্তাদের একজন নাজিফ। গত বছরের জানুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেওয়ার কয়েক মাস পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। এর কিছুদিন পরই ক্ষমতাচ্যুত হন মোবারক। প্রসঙ্গত, মিসরে বিপ্লবের পর প্রেসিডেন্ট মোবারক এবং তাঁর দুই ছেলেসহ প্রায় এক ডজন সাবেক পদস্থ কর্মকর্তা বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়েছেন। গণবিক্ষোভের সময় বিদ্রোহীদের হত্যার ষড়যন্ত্র কিংবা বিভিন্ন ধরনের দুর্নীতিসংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন তাঁরা।