দুর্নীতির প্রধান উৎস হলো ক্ষমতা: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা গেলেই দেশে দুর্নীতি কমে আসবে। কারণ দুর্নীতির প্রধান উৎস হলো ক্ষমতা, আর ক্ষমতার উৎস রাজনীতি।আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণবিষয়ক এক মতবিনিময় সভায় দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন।গোলাম রহমান বলেন, ২০০৮ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক পটপরিবর্তনের পেছনে দুর্নীতির বিষয়টি কাজ করেছে। দুর্নীতি রোধ করতে হলে রাজনীতিবিদদের জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতে হবে। জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিরা যতই ক্ষমতাধর আর প্রভাবশালী হোন না কেন, তাঁদের ছাড় দেওয়া হবে না। তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে দুদক।দুদকের চেয়ারম্যান আরও বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের অনেক দুর্নীতিবাজ বর্তমানে ক্ষমতাধর। কিন্তু ক্ষমতার প্রভাবে তাঁরা পার পেয়ে গেছেন কিংবা যাবেন, এটা সত্য নয়। যেসব দুর্নীতিবাজ এখন প্রকাশ্য, তাঁদের সবাই আদালত থেকে জামিনে রয়েছেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে দুদকের অবস্থান কঠোর। দেশের বিচারপ্রক্রিয়া দীর্ঘ থাকায় অনেক ক্ষেত্রেই দুদক কোনো উদহারণ সৃষ্টি করতে পারছে না।দুদকের মহাপরিচালক আবু মোস্তফা কামাল, পরিচালক আবু জাফর তৌফিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এম সামছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুরশীদ আলম, সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলাম জিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের জেলা প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।