জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের অর্থায়নের সদ্ব্যবহারে দুর্নীতিবিরোধী পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বাংলাদেশে চলমান দুর্নীতিবিরোধী পদক্ষেপগুলোকে ফলপ্রসূভাবে চালিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ওকাদা আরও বলেন, এতে করে জাপানের করদাতাদের অর্থ বাংলাদেশের উন্নয়নে সর্বোচ্চভাবে ব্যবহার করা যাবে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে জাপানের উপপ্রধানমন্ত্রী এ মন্তব্য করেছেন। দুই দিনের বাংলাদেশ সফর শেষে তিনি গতকাল শ্রীলংকার কলম্বো গেছেন। জাপানের উপপ্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। পদ্মা সেতুতে জাপানের অর্থায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ওকাদা বলেন, জাপান এ প্রকল্পে এককভাবে অর্থায়ন করতে পারে না। কারণ, এ ব্যাপারে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের মতবিরোধ আছে। তিনি এ মতবিরোধ মেটাতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেন। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের মতবিরোধ মেটাতে জাপান উদ্যোগ নেবে বলেও তিনি জানান।রাজধানীর মেট্রোরেল প্রকল্পে অর্থছাড়ের অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করা হলে জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা বলেছেন, মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন বিবেচনাধীন আছে। এ প্রকল্পের খুঁটিনাটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে প্রকল্পটিতে অর্থায়নের সিদ্ধান্তের বিষয়ে নতুন কোনো তথ্য নেই।বাংলাদেশকে বিনিয়োগ সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করে কাতসুইয়া ওকাদা বলেন, ‘জাপানের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তবে গ্যাসসংকটসহ কিছু বিষয়ে সমস্যা রয়েছে। এ সমস্যাগুলো এক এক করে মেটাতে হবে। এ ব্যাপারে আমরা বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী।’ বাংলাদেশের মানবাধিকার-পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু সমস্যা আছে। তবে সমস্যার সমাধান বাংলাদেশকে তার মতো করেই খুঁজে নিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দুই প্রধান দলের মধ্যে বিরোধপূর্ণ অবস্থা বাংলাদেশে জাপানের বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রভাব রাখছে কি না, এমন প্রশ্নের জবাবে ওকাদা সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, জাপান ও বাংলাদেশের গণতন্ত্রের ঐতিহ্য আছে।কাতসুইয়া ওকাদা গত বৃহস্পতিবার দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন। সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এ ছাড়া তিনি ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।