দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে মনমোহনের অঙ্গীকার
দুর্নীতিবিরোধী নতুন পদক্ষেপ গ্রহণ এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ বুধবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে মনমোহন সিং এই অঙ্গীকার করেন। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘আমরা সরকারি কর্মকর্তাদের বিষয়ে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাব এবং দুর্নীতিকে কমিয়ে নিয়ে আসব।’ তিনি বলেন, ‘আমাদের অঙ্গীকার হলো সরকার ও প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।’ মনমোহন সিং গত বছর জনগণকে দেওয়া অঙ্গীকারের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘দুর্নীতিবিরোধী নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে এবং লোকসভায় ইতিমধ্যেই লোকপাল ও লোকায়ত আইনের খসড়া অনুমোদিত হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি সব রাজনৈতিক দলই এই বিল রাজ্যসভায় পাঠানোর ব্যাপারে আমাদের সহায়তা করবে।’ তিনি আরও বলেন, অন্য বিলগুলোও পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া মন্ত্রিসভা সরকারি ক্রয়সংক্রান্ত বিলও অনুমোদন দিয়েছে। এই বিলের লক্ষ্য হল, সরকারি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা।