বাংলাদেশে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) জ্যেষ্ঠ প্রতিনিধি কেই তয়োমা বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ব্যাপারে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নেয়, জাইকা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাঁরা মনে করেন, সরকারের উচিত ওই দুর্নীতির ব্যাপারে গঠনমূলক পদক্ষেপ নেওয়া।এক প্রশ্নের জবাবে কেই তয়োমা বলেন, জাইকার সহায়তাপুষ্ট যেকোনো প্রকল্পের মতোই পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়টি তাঁরা বিশেষ গুরুত্ব ও সতর্কতার সঙ্গে দেখছেন। ওই প্রকল্পে জাইকা অর্থায়ন করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্তের জন্য জাপান সরকারের সঙ্গে তাঁরা আলোচনা করছেন।জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জের হরিপুরে নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের অগ্রগতি দেখতে যাওয়া একদল সাংবাদিকের সঙ্গে আলোচনার সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার দুপুরে ‘নিউ হরিপুর পাওয়ার প্ল্যান্ট’ নামের ওই বিদ্যুৎকেন্দ্রের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা হয়। এ সময় সেখানে জাইকার প্রতিনিধি টি সুনোউচিও উপস্থিত ছিলেন।বাংলাদেশে কার্যরত দাতাদেশ ও সংস্থার স্থানীয় প্রতিনিধিদের ফোরাম ‘স্থানীয় পরামর্শক গোষ্ঠী’র সঙ্গে গত সোমবার অনুষ্ঠিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে তয়োমা বলেন, ‘ওই বৈঠকে আমরা সরকারের কথা শুনেছি। এখন জাপান সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে তাতে কত দিন লাগতে পারে, সে সম্পর্কে তিনি কিছু বলেননি।পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬১ কোটি ৫০ লাখ ডলার ও জাইকা ৪০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে প্রথম দুটি প্রতিষ্ঠান সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে তাদের প্রতিশ্রুতি প্রত্যাহার করেছে।এই আলোচনার আগে গতকাল সকালে বিদ্যুৎকেন্দ্রটি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। শীতলক্ষ্যা নদীর তীরে ৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসচালিত অত্যাধুনিক এই কেন্দ্রের মালিকানা সরকারি ‘ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি)’-এর।এই কেন্দ্রের নির্মাণব্যয়ের ৭১ শতাংশই দিচ্ছে জাইকা। সরকারের নির্বাহ করা বাকি ২৯ শতাংশ ব্যয়ের মধ্যে রয়েছে মূলত ভূমি অধিগ্রহণ, নানা ধরনের শুল্ক, মূসকসহ কর পরিশোধ। এই কেন্দ্রে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে এক টাকা ৯২ পয়সা দামে।কেন্দ্রটি চালাতে প্রতিদিন গ্যাস লাগবে ছয় কোটি ৪০ লাখ ঘনফুট। আগামী ডিসেম্বর মাসেই গ্যাস সরবরাহ শুরু করতে হবে। কারণ, কেন্দ্রটিতে ওই সময় থেকেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। কিন্তু গ্যাস সরবরাহের ব্যাপারে কিছুটা সমস্যা রয়েছে।এ সমস্যা নিরসনে জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহেরকে প্রধান করে ১৪ সদস্যের একটি কমিটি কাজ করছে। সাংবাদিকদের জানানো হয়, ডিসেম্বরের মধ্যে গ্যাস-সংযোগ দেওয়া হবে একটি অস্থায়ী বিকল্প লাইনের মাধ্যমে। এর পাশাপাশি এই কেন্দ্রে স্থায়ীভাবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য বাখরাবাদ থেকে সরাসরি একটি লাইন স্থাপন করা হচ্ছে।পিডিবি ভেঙে ২০০৪ সালে গঠিত ইজিসিবির মালিকানাধীন দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্র এটি। প্রথমটি এডিবির অর্থায়নে নির্মিত সিদ্ধিরগঞ্জ ২৪০ মেগাওয়াট। এ ছাড়া আরও দুটি কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ইজিসিবির রয়েছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, জাইকার জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক আহমদ মোকাম্মেলুদ্দিন, নির্মাণ ঠিকাদার মারুবিনির প্রতিনিধি প্রমুখ।