দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক মন্ত্রীসহ নয়জন
আওয়ামী লীগের নেতা ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোশারফ হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আজিজুল হকসহ নয়জনকে দুর্নীতির একটি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ এ এন এম বশির উল্লাহ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।অব্যাহতি পাওয়া অন্য ব্যক্তিরা হলেন রাজউকের কর্মকর্তা খান মো. বেলায়েত হোসেন, মমতাজ উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, আবদুল আওয়াল চৌধুরী, নজরুল ইসলাম, ফারুক আহমেদ ও হুমায়ুন খান।দুদকের সহকারী কমিশনার আমিরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেন এবং আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন করেন। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ন্যাম সম্মেলনের জন্য আমন্ত্রিত বিদেশি অতিথিদের আবাসনের ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে বনানী ও গুলশান এলাকায় ফ্ল্যাট নির্মাণ করা হয়। ২০০০-২০০১ সালে সাবেক মন্ত্রী ও রাজউকের কর্মকর্তারা আইন ভঙ্গ করে নিজেদের পছন্দের লোকদের ফ্ল্যাট বরাদ্দ দেন। এই অভিযোগে ২০০২ সালে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা গোলাম শাহরিয়ার মতিঝিল থানায় দণ্ডবিধির ৪২০ ও ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা করেন এ মামলা করেন।গত ৩ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলে আদালত প্রতিবেদন গ্রহণের যোগ্যতা বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। আজ চূড়ান্ত প্রতিবেদনের গ্রহণ-যোগ্যতা শুনানি শেষে আদালত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতির আদেশ দেন।