দুর্নীতির মামলা থেকে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট একটি দুর্নীতি মামলা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে অব্যাহতি দিয়েছেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার মোহাম্মদ নাসিমের আপিল মঞ্জুর করে এ রায় দেন। রায়ের পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ নাসিম বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এ মামলা করা হয়। আদালত বেকসুর খালাস দিয়েছেন। আদালতে ন্যায়বিচার পেয়েছি। জানা যায়, ২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আক্তার হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে এ মামলাটি করেন। মামলায় অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে ২৩ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ওই বছরের ৮ অক্টোবর বিশেষ জজ আদালত এ মামলায় তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন। পরে নাসিম নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। এই আপিলের শুনানি শেষে আজ আদালত তা মঞ্জুর করেন। পাশাপাশি তাঁকে বেকসুর খালাস দেন।নাসিমের আইনজীবী এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে জানান, তাঁকে বেকসুর খালাস দিয়ে তাঁর সম্পতি বাজেয়াপ্তের আদেশও বাতিল করা হয়েছে।