দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সময় পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে আরও সময় পেলেন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। আজ সোমবার সুপ্রিম কোর্টের এক রায়ে এ কথা বলা হয়। রায়ে চলমান মামলাটি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়। রয়টার্সের খবরে বলা হয়, জারদারির বিরুদ্ধে পুনরায় দুর্নীতির মামলা চালু করতে ব্যর্থ হওয়ার কারণ দেখাতে আজ সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আশরাফ। এ সময় পাকিস্তানের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা চালু করতে সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে চিঠি লিখতে আশরাফকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। নির্দেশনা অনুযায়ী সুইজারল্যান্ড কর্তৃপক্ষের কাছে চিঠি লিখতে না পারলে আদালত অবমাননার দায়ে প্রাতিষ্ঠানিকভাবে অভিযুক্ত হবেন আশরাফ। প্রধানমন্ত্রিত্বও হারাতে পারেন।সুপ্রিম কোর্টের বিচারপতি আসিফ খোসা বলেন, নিজ হাতে চিঠি লেখার দরকার ছিল না আশরাফের। তিনি এ কাজে অন্য কাউকে নিয়োগ করতে পারতেন। জবাবে আশরাফ বলেন, ‘আমি এমনভাবে বিষয়টি সমাধান করতে চাই, যাতে সুপ্রিম কোর্টের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন থাকে।’ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে অর্থ পাচারের মামলা পুনরুজ্জীবিত করতে না পারায় চলতি বছরের জুনে প্রধানমন্ত্রিত্ব হারান ইউসুফ রাজা গিলানি। অভিযোগ আছে, আসিফ আলী জারদারি সুইজারল্যান্ডের একটি ব্যাংকে অর্থ পাচার করেছেন। গিলানির পদত্যাগের পর ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা রাজা পারভেজ আশরাফ প্রধানমন্ত্রী হন।