দুর্নীতির মামলা প্রত্যাহারে সম্মতি দেয়নি দুদক
২৮৮টি দুর্নীতির মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করা হলেও এতে সম্মতি দেয়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারের গঠিত ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটি পর্যায়ক্রমে দুদকের এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।দুদক কর্মকর্তাদের মতে, দুর্নীতির অভিযোগ এনে দায়ের করা এসব মামলা কোনোভাবেই ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হতে পারে না। যে কারণে রাজনৈতিক বিবেচনায় এসব মামলা দ্রুত প্রত্যাহারের নির্দেশনাও দেওয়া যাবে না।দুদক খতিয়ে দেখবে, যে মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে, তা যৌক্তিক কি না এবং এসব মামলা ফৌজদারি হতে পারে কি না। এ ছাড়া দুদক মনে করে, যেসব মামলা পাঠানো হচ্ছে, সেগুলোর আসামিরা যদি মনে করেন, তাঁরা নিরপরাধ, তাহলে তাঁরা আদালতে আইনি সহায়তা নিতে পারেন।যোগাযোগ করা হলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির সুপারিশ পাঠানো শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো নির্দেশনা দেবে না দুদক।’ তিনি বলেন, কমিটির সুপারিশ ও তালিকা পাঠানো শেষ হলে প্রতিটি মামলার আইনগত ভিত্তি বিবেচনা করে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির অভিযোগে দায়ের করা এসব মামলা পর্যালোচনা করার পরই আমরা সিদ্ধান্ত নেব, একটি মামলাও আমরা প্রত্যাহার করব কি না।’প্রসঙ্গত, মহাজোট সরকার গঠনের পর ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারের সুপারিশ প্রণয়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, দুদক কেন মামলা প্রত্যাহারের নির্দেশনা দিচ্ছে না, সে বিষয়ে আজ মঙ্গলবার কমিটির বৈঠকে জানিয়ে দেওয়া হবে। সবার সামনেই বিষয়টি পরিষ্কার করা হবে।মন্ত্রণালয় সূত্র জানায়, কমিটি গঠনের পর থেকে প্রায় প্রতিটি বৈঠকেই দুদকের মামলা উত্থাপন করা হলে তা সুপারিশ করে দুদকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু দুদক এখন পর্যন্ত একটি মামলাও প্রত্যাহারের ব্যাপারে নির্দেশনা দেয়নি।১৯৫৮ সালের সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১০(৪) ধারা অনুযায়ী দুদকের করা মামলা শুধু দুদকই প্রত্যাহার করতে পারে। এ কারণে চারদলীয় জোট সরকার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য দুদকে পাঠিয়েছে কমিটি।অন্যদিকে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী সরকারের সুপারিশ করা যেকোনো মামলা রাষ্ট্রপক্ষ প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করতে পারেন। তবে ব্যক্তির করা মামলা প্রত্যাহারের সুপারিশ করার এখতিয়ার সরকারের নেই।সংশ্লিষ্ট সূত্রমতে, ২৮৮টি মামলার মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রীদের নামে মামলাই বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাও এর মধ্যে রয়েছে। তবে এসব মামলা থেকে আদালত প্রধানমন্ত্রীকে অব্যাহতি দিয়েছেন।জানা গেছে, মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটি যেসব মামলার সুপারিশ দুদকে পাঠিয়েছে, এর বেশির ভাগই বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো থেকে পাওয়া। এ ছাড়া কিছু মামলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে।সূত্র জানায়, মন্ত্রণালয় থেকে যেসব মামলা প্রত্যাহারের জন্য পাঠানো হচ্ছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে পাঠানো হচ্ছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে দুদকের।দুদকের একজন পদস্থ কর্মকর্তা জানান, কমিটি কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ পাঠাচ্ছে। রাজনৈতিক কমিটির সুপারিশে দুদক দুর্নীতির অভিযোগ থেকে কাউকে রেহাই দিতে পারে না।জানা গেছে, কমিটি থেকে মামলা প্রত্যাহারে সুপারিশ পাঠানো শেষ হলে দুদক মামলাগুলো সার্বিকভাবে তদন্ত করবে। এ ক্ষেত্রে যদি ১০ বছর সময়ের প্রয়োজন হয়, দুদক নেবে। এ ছাড়া দুর্নীতি দমন ব্যুরো থেকে যে মামলাগুলো করা হয়েছে, তা আদৌ রাজনৈতিক কি না, তা-ও খতিয়ে দেখবে দুদক।ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি মামলাও দুদকে পাঠানো হয়েছিল। এসব মামলা প্রত্যাহারের জন্য দুদককে অনুরোধ করা হয়েছিল। কিন্তু দুদক থেকে জানিয়ে দেওয়া হয়, এসব মামলা আদালতে নিষ্পত্তি হওয়াই ভালো।এ প্রসঙ্গে কমিটির সহসভাপতি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রথম আলোকে বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে মামলা প্রত্যাহারের সুপারিশ করা, আমরা তা-ই করছি। এ ব্যাপারে দুদক যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।