দুর্নীতির মামলায় অনুমতি লাগবে না: আইনমন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির মামলা বা অভিযোগপত্র দিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে না। প্রস্তাবিত দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইনে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে প্রস্তাবিত আইনটি নিয়ে মন্ত্রণালয় এবং দুদকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।প্রস্তাবিত আইনটি এখন সংসদীয় স্থায়ী কমিটিতে আছে।আইনটিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির মামলা বা অভিযোগপত্র দিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে।আইনমন্ত্রী জানান, বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত হয়েছে। কোনো ব্যক্তি দেশ-বিদেশে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে বলে মনে করলে প্রমাণের আগেই সেই সম্পদ জব্দ করতে পারবে দুদক। একই সঙ্গে জব্দকালে ওই সম্পদ বিক্রি, হস্তান্তর বা বন্দক রাখা যাবে না। কেউ সেটা করলে তা বাতিল হবে।মন্ত্রী আরও বলেন, যে আইনে যা কিছুই থাকুক না কেন দুর্নীতির মামলা পরিচালনার ক্ষেত্রে দুদকের আইনই প্রাধান্য পাবে। তিনি আরও জানান, আজকের সিদ্ধান্তগুলো প্রস্তাবিত আইনে অন্তর্ভুক্ত করার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে।একই সময়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, আজকের এ সিদ্ধান্তগুলো দুদকের আইনে অন্তর্ভুক্ত করা হলে দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ ও দূর করার ক্ষেত্রে দুদক কার্যকর ভূমিকা রাখতে পারবে। দুদক স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে।বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও উপস্থিত ছিলেন।