দুর্নীতির মামলায় জামিন পেলেন শামীম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তিন মাসের জন্য তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শামীম ওসমানের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আজ সকালে তিনি হাইকোর্টে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আরজি করেন। জানা গেছে, এক কোটি ২০ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে ২৭ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ ফতুল্লা থানায় শামীম ওসমান ও তাঁর স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে মামলা করেন। ২০০৮ সালের ২৮ এপ্রিল এ মামলায় দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সালমা ওসমানের করা এক রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরেরই ২৩ জুলাই হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন এবং মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। আদালতে শামীম ওসমানের পক্ষে আইনজীবী গোলাম কিবরিয়া ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার মামলা পরিচালনা করেন। শামীম ওসমানের জামিন আবেদনে বলা হয়, মামলার কার্যক্রম স্থগিত আছে, তাই কোনো ফোরাম (কর্তৃপক্ষ) না থাকায় আত্মসমর্পণ করে জামিন চাওয়া হলো।