দুর্নীতির মামলায় জাহানারা বেগম কারাগারে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব জাহানারা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। এক কোটি ৯৪ লাখ ৮২ হাজার টাকার তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া মামলায় গতকাল রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়।ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জাহানারা বেগম জামিনের আবেদন করেন। আদালত ওই আবেদন নামঞ্জুর করেন। এ ছাড়া আদালত ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য করেন।গতকাল দুপুরের পর জাহানারা বেগম তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এতে বলা হয়, জাহানারা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। দুদক সঠিকভাবে তদন্ত না করেই এ তদন্ত প্রতিবেদন দিয়েছে। তা ছাড়া হাইকোর্ট থেকে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।সরকারপক্ষের আইনজীবী শাহ আলম তালুকদার প্রথম আলোকে বলেন, জাহানারা বেগম হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। কিন্তু হাইকোর্ট থেকে নেওয়া জামিনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। হাইকোর্ট ওই মেয়াদ বর্ধিত করেনি।জানা যায়, চার কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে জাহানার বেগমের বিরুদ্ধে ২০০৮ সালের ৪ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রমনা থানায় এ মামলা করেন। দুদক তদন্ত করে গত বছরের ২০ অক্টোবর এক কোটি ৯৪ লাখ ৮২ হাজার টাকার তথ্য গোপনসংক্রান্ত অভিযোগপত্র দেয়।