দুর্নীতির মামলায় জাহানারা বেগমের জামিন
জ্ঞাত আয়-বহির্ভূত মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব জাহানারা বেগমকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশিরুল্লাহ তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। এক কোটি ৯৪ লাখ ৮২ হাজার টাকার তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়।ওই দিন জাহানারা বেগম এ একই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত ওই আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জানা যায়, চার কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে জাহানারা বেগমের বিরুদ্ধে ২০০৮ সালের ৪ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রমনা থানায় এ মামলা করেন। দুদক তদন্ত করে গত বছরের ২০ অক্টোবর এক কোটি ৯৪ লাখ ৮২ হাজার টাকার তথ্য গোপনসংক্রান্ত অভিযোগপত্র দেয়।