দুর্নীতির মামলায় ডেসটিনির কর্মকর্তা কারাগারে
দুর্নীতির মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম হাসিবুল হক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। কিন্তু এ মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ পাঁচজনের জামিন বাতিল চেয়ে করা রিভিশন আবেদন মহানগর দায়রা জজ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। তাই আবুল কালাম আজাদের রিমান্ড আবেদনের ওপর আজ আদালত শুনানি গ্রহণ করেননি। আদালত সূত্র জানায়, রিভিশন আবেদনের ওপর শুনানি শেষ হওয়ার পর রিমান্ড আবেদনের শুনানি হবে। গতকাল সোমবার গভীর রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা ও পল্টন থানার পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর পল্টন এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে প্রথমে পল্টন থানায় এবং ভোরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নেওয়া হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।৬ আগস্ট ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক ও পরিচালক সাঈদ-উর-রহমান তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে দুদকের করা দুই মামলায় জামিন পান। দুদকের সহকারী উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ১৩ আগস্ট জামিন বাতিলের আবেদন করেন। গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় রফিকুল আমীন, হারুন-অর-রশিদসহ ডেসটিনির ২২ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম দুটি মামলা করেন।