দুর্নীতির মামলায় ফয়সাল মোর্শেদের সাজার রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদের সাজার রায় হাইকোর্ট বাতিল ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফয়সাল মোর্শেদের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন। ফয়সালের কৌঁসুলি আহসানুল করিম প্রথম আলোকে বলেন, যে অভিযোগের ভিত্তিতে ফয়সালকে সাজার রায় দেওয়া হয়, সে অভিযোগের ভিত্তি না থাকায় আদালত আপিল মঞ্জুর করেছেন। এ মামলায় সাজার রায় বাতিলের মধ্য দিয়ে ফয়সাল সব মামলায় অব্যাহতি পেলেন। দুদকের কৌঁসুলি এম হারুনুর রশীদ বলেন, রায়ের বিষয়টি দুদককে অবহিত করা হবে। অনুলিপি পাওয়ার পর আপিলের বিষয়ে দুদক সিদ্ধান্ত নেবে। জানা যায়, দুদকের সহকারী কমিশনার তালেবুর রহমান ২০০৭ সালের ১০ ডিসেম্বর গুলশান থানায় ফয়সালের বিরুদ্ধে মামলা করে। এতে তাঁর বিরুদ্ধে সাত কোটি নয় লাখ টাকা তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এ মামলায় ২০০৮ সালের ২০ আগস্ট বিশেষ জজ আদালতের রায়ে ফয়সাল মোর্শেদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে ফয়সাল মোর্শেদ হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে আজ আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত সোমবার একই আদালত শুল্কমুক্ত গাড়ি ক্রয়ে অনিয়ম ও সহযোগিতার অভিযোগে ফয়সাল মোর্শেদের বিরুদ্ধে করা মামলার সাজার রায় বাতিল করে দেন। ২০০৮ সালের ১৩ এপ্রিল বিচারিক আদালতের রায়ে এ মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।