দুর্নীতির মামলায় মায়ার ছেলে কারাগারে
আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী ওরফে দিপুকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সাজেদুল হোসেন ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক মুনির আহম্মেদ পাটোয়ারী জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। পরে সাজেদুলের পক্ষে কারাগারে চিকিত্সা সুবিধা ও প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা চেয়ে আবেদন করলে আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। উল্লেখ্য, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার দায়ে ২০০৮ সালে ১০ এপ্রিল আদালত তাঁর অনুপস্থিতিতে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। আদালত একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করে অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। দুদক ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর সম্পদের হিসাব চেয়ে সাজেদুল হোসেনকে নোটিশ দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সাজেদুল সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুদক সূত্রাপুর থানায় তাঁর বিরুদ্ধে এ মামলা করে।