দুর্নীতির মামলায় মায়ার সাজার রায় বাতিল
দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ১৩ বছরের সাজার রায় হাইকোর্ট বাতিল করেছেন। আজ বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মায়ার আপিল মঞ্জুর করে এ রায় দেন।আদালতে মায়ার পক্ষে আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ এবং দুদকের পক্ষে খুরশিদ আলম খান মামলা পরিচালনা করেন।মায়ার আইনজীবী সাঈদ আহমেদ প্রথম আলোকে জানান, মায়ার সাজার রায় এবং আড়াই কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাতিল করে হাইকোর্ট মায়ার আপিল মঞ্জুর করেছেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, আদালতের রায়ের বিষয়টি দুদককে জানানো হবে। দুদক আপিলের বিষয়ে সিদ্ধান নেবে। এ রায়ের বিরুদ্ধে আপিল করা উচিত বলে তিনি মনে করেন। প্রসঙ্গত, ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৩ জুন দুদকের সহকারী পরিচালক নুরুল আলম সূত্রাপুর থানায় মামলাটি দায়ের করেন। ওই বছরের ২২ অক্টোবর অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারিক আদালতের রায়ে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি মায়ার ১৩ বছরের কারাদণ্ড হয়। একই সঙ্গে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। গত বছরের ২৫ মে হাইকোর্টে আপিল করেন মায়া। ওই আপিলের ওপর শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।