দুর্নীতির মামলায় সাংসদ আতিউরের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতা ও শেরপুর ১-এর সাংসদ আতিউর রহমান দুর্নীতির একটি মামলায় জামিন পেয়েছেন। ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বসির উল্লাহ আজ বৃহস্পতিবার আতিউর রহমানের জামিন মঞ্জুর করেন। আজ আতিউর রহমান তাঁর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। আইনজীবীরা আদালতকে বলেন, সাংসদ আতিউর রহমান একজন সত্ মানুষ। আসামির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সঠিক নয়। সম্পদের হিসাব চেয়ে দুদক থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। আসামি আতিউর রহমান একজন সাংসদ। বর্তমানে সংসদ অধিবেশন চলছে। জামিনে মুক্তি দিলে পালাবেন না। শুনানি শেষে আদালত একজন আইনজীবী ও স্থানীয় ব্যক্তির জিম্মায় জামিন মঞ্জুর করেন।২০০৮ সালের ২৭ মে আতিউর রহমানের বিরুদ্ধে ৫৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় এ মামলা করে দুদকের সহকারী পরিচালক কাজী শামসুল ইসলাম। গত বছরের ১৫ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় অভিযোগপত্র দেন। তাতে বলা হয়, সাংসদ আতিউর ৫৫ লাখ ৪০ হাজার টাকার সম্পদ অর্জন ও ২০ লাখ টাকার তথ্য গোপন করেছেন।